বিপিএল প্রথম সারির লিগ: জিমি নিশাম

৪ সপ্তাহ আগে
ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটারের পর্যালোচনায় বিশ্বের সব স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি লিগের র‍্যাঙ্কিংয়ে তলানিতে জায়গা পেয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ। প্রতি আসরেই অনিয়ম-দুর্নীতির নানা অভিযোগও দ্য ক্রিকেটারের সেই পর্যালোচনাকে সমর্থন যোগায়। তবে কিউই তারকা অলরাউন্ডার জিমি নিশামের মতে, বিপিএল বিশ্বের প্রথম সারির লিগগুলোর একটি।

সদ্য সমাপ্ত বিপিএল চলাকালে সময় সংবাদকে দেয়া এক সাক্ষাৎকারে বিপিএলের গুণগত মান নিয়ে কথা বলেন নিশাম। কিউই এই ক্রিকেটারের মতে, বিপিএল মানের দিক থেকে উন্নত এবং বিশ্বের অন্যান্য লিগগুলোর সঙ্গে তুলনায় এটি উপরের দিকে থাকবে বলেও মন্তব্য করেন তিনি। 

 

বিশ্বের অন্যান্য লিগগুলোর তুলনায় বিপিএল কেমন টুর্নামেন্ট, এমন প্রশ্নের উত্তরে নিশাম বলেন, 'উপরের দিকেই থাকবে। এখানকার দলগুলো ভালো মানের বিদেশি খেলোয়াড় নিয়ে আসার জন্য অনেক চেষ্টা করে। ক্রিকেটের মান এখানে অনেক উন্নত এবং বিপিএল খেলাটা আমি সবসময়ই উপভোগ করি।'

 

বাংলাদেশের পিচ নিয়ে বরাবরই পশ্চিমা ক্রিকেটীয় দেশগুলোর অনেক অভিযোগ থাকে। এখানকার স্পিন কন্ডিশন নিয়ে অভিযোগও থাকে অনেক। তবে নিশাম এই বিষয়টিকে নিচ্ছেন ইতিবাচকভাবে। পিচের দুর্বোধ্যতার বিষয়টি মানলেও এই ধরনের পিচ স্পিনের বিপক্ষে যেকোনো ক্রিকেটারের দক্ষতা বাড়াবে বলে মনে করেন তিনি।

 

আরও পড়ুন: গুণাগুণ বিচারে বিশ্বের ১০ ফ্র্যাঞ্চাইজি লিগের মধ্যে দশম বিপিএল

 

এ প্রসঙ্গে নিশাম বলেন, 'অনেক বিদেশি ব্যাটারের জন্য এখানকার কন্ডিশন খুব আলাদা। আমি প্রথমবার এসেছিলাম ২০১৩ বা ১৪ সালে। এখানে স্পিন খেলার ধরনটা সম্পূর্ণ আলাদা—খুব লো হয়ে থাকতে হয়, বল স্কিড করে আর বাউন্সটাও অনিশ্চিত। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ায় তো বাউন্স নিয়ে খেলা যায়, লং-অনের ওপর মারা যায়। কিন্তু এখানে সেটা কাজ করে না। এখানে সুইপ, রিভার্স সুইপ, স্ট্রাইক রোটেট করা—এসব বেশি দরকার। যদি কোনো তরুণ ক্রিকেটার স্পিন বল খেলা শিখতে চায়, বাংলাদেশ দারুণ জায়গা।'

 

বিপিএলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন নিশাম। ২০২৪ মৌসুমে রংপুরের হয়ে ৯৭ রানের সেই ইনিংসের স্মৃতি রোমন্থন করে তিনি বলেন, 'এখানে সাফল্য পাওয়া কঠিন, বিশেষ করে বিদেশি ব্যাটারদের জন্য। আমি স্পিন ভালো খেলতে পারি- এটা আমার একটা শক্তি। বাংলাদেশে অনেক বিদেশি ক্রিকেটার স্পিনে সমস্যায় পড়ে, তাই এখানে সাফল্য পাওয়াটা আমার জন্য খুব সন্তোষজনক।'             
 

]]>
সম্পূর্ণ পড়ুন