বিনামূল্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখানোর ঘোষণা শ্রীলঙ্কার

৪ সপ্তাহ আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি দর্শকদের জন্য বিনামূল্যে দেখার সুযোগ করে দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। শনিবার কলম্বোর ঐতিহ্যবাহী সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) গ্রাউন্ডে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেদারল্যান্ডস। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে এসএলসি।

এসএলসির ঘোষণায় জানানো হয়, ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের পর্দা উঠছে ৭ ফেব্রুয়ারি এবং টুর্নামেন্ট চলবে ৮ মার্চ পর্যন্ত। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এবারের আসর আয়োজন করছে। উদ্বোধনী ম্যাচটি বিনামূল্যে উপভোগ করতে দর্শকদের জন্য এসএসসি গ্রাউন্ডের ৫ ও ৭ নম্বর গেট খুলে দেওয়া হবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে, যা ম্যাচ শুরুর দেড় ঘণ্টা আগে।


এসএলসির বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি মেনস টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচটি জনসাধারণের জন্য বিনামূল্যে উন্মুক্ত থাকবে। সকাল ১১টায় (বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়) ম্যাচটি শুরু হবে।’


এ ম্যাচ ঘিরে কিছুটা শঙ্কা রয়েছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮৩ শতাংশ এবং আনুমানিক ৪.২ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে, যা ম্যাচে বিঘ্ন ঘটাতে পারে।


পাকিস্তান ও নেদারল্যান্ডসের মুখোমুখি লড়াইয়ের ইতিহাসে এখন পর্যন্ত দুটি ম্যাচ হয়েছে, যেখানে দুটিতেই জয় পেয়েছে পাকিস্তান। নেদারল্যান্ডস এখনও পাকিস্তানের বিপক্ষে কোনো জয় পায়নি। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সেই ইতিহাস বদলাতে মরিয়া থাকবে ইউরোপের দলটি, অন্যদিকে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায় পাকিস্তান।

]]>
সম্পূর্ণ পড়ুন