বিগত সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে: এ্যানি

৩ সপ্তাহ আগে
বিগত সরকারের আমলে দেশে কোনো উন্নয়ন হয়নি। শুধু তথাকথিত মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।’

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে লক্ষ্মীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক সাহাব উদ্দিন সাবুর দায়িত্বভার গ্রহণে আয়োজিত দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এ্যানি এ মন্তব্য করেন।


তিনি বলেন, ‘এই দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতি দূর করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।’


মন্ত্রী বলেন, ‘সারা দেশে অনেকগুলো মেগা প্রজেক্ট হয়েছে। এই মেগা প্রজেক্টের সুবিধাভোগীরা গ্রামের মানুষ না, আমরা সাধারণ মানুষও না। হয়তো এটা সাময়িক ক্ষেত্রে আপনার আমার বিশেষ প্রয়োজন হয়।’


তিনি আরও বলেন, ‘এমন এমন মেগা প্রজেক্ট হয়েছে যা এ মুহূর্তে গত ১৭ বছর না করলেও চলতো। আবার কিছু মেগা প্রজেক্ট জরুরি ছিল। সেগুলো হয়েছে, কিন্তু এক হাজার কোটি টাকার প্রজেক্ট ১০ হাজার কোটি টাকায় হয়েছে। মেগা প্রজেক্টে মেগা দুর্নীতি হয়েছে।’


আরও পড়ুন: নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন পানিসম্পদ মন্ত্রী


পানিসম্পদ মন্ত্রী বলেন, ‘কোনোভাবে যেন দুর্নীতি না হয়। সেটা জেলা পরিষদ হোক, লক্ষ্মীপুর পৌরসভা, পুলিশ প্রশাসন, সিভিল প্রশাসন, রোডস অফিস আর এলজিইডিতে হোক। তার দায়িত্ব কিন্তু তাকে (দায়িত্বপ্রাপ্তরা) নিতে হবে। কোনো দায়-দায়িত্ব কিন্তু আমরা নেবো না। এ নিয়ে সম্পূর্ণভাবে আমাদের সরকার ওয়াকিবহাল।’


প্রধানমন্ত্রী এ ব্যাপারে সবসময় খুবই সতর্ক রয়েছেন জানিয়ে শহীদ উদ্দিন চৌধুরী বলেন, ‘যদি কেউ কোনো দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হন, তাহলে শুধু ডিপার্টমেন্টই না, তিনি যদি রাজনৈতিক ব্যক্তিও হন, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে এখানে এসেছি দীর্ঘদিন পর আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে অনেক ত্যাগ শ্রম, সবশেষ জুলাই আন্দোলনে শহীদ হয়ে।’


আরও পড়ুন: জুলাই সনদ পাস করার মাধ্যমে শপথ নিতে হবে, এ আলোচনা হয়নি: পানিসম্পদ মন্ত্রী


তিনি আরও বলেন, লক্ষ্মীপুর জেলা পরিষদের ১৫ কোটি টাকা ইউনিয়ন ব্যাংকে আটকে আছে। ভাগ্যের নির্মম পরিহাস যা আছে, সে সম্পদটাও জব্দ। শেষ পর্যন্ত তাও পাওয়া যাবে কি না তা কঠিন ব্যাপার। শুধু একটা ব্যাংকেই আজকে এ অবস্থা নয়। বাংলাদেশে ৭-৮টি ব্যাংক আজকে অচল অবস্থায় রয়েছে শুধু লুটপাট আর টাকা পাচারের কারণে।’


একটা কঠিন সময়ে আমাদের দায়িত্ব নিতে হয়েছে। এই কঠিন সময় পার করাও কঠিন। এরজন্য দরকার সবার আন্তরিকতা ও সহযোগিতা প্রয়োজন বলে জানান এই বিএনপি নেতা।


জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন: লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, জেলা জামায়াতের আমীর এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, জেলা বিএনপির যুগ্মআহবায়ক এডভোকেট হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুন নাহার, রায়পুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ননী গোপাল ঘোষ ও লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাঈদুল ইসলাম পাবেল প্রমুখ।

]]>
সম্পূর্ণ পড়ুন