বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মাতামুহুরি নদী থেকে দমকল বাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করে। এরআগে দুপুর ১ টার দিকে লামার সাদা পাহাড় এলাকায় মাতামুহুরি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম। তার বাড়ি চট্টগ্রামের আন্দরকিল্লা। তিনি সলিমুল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার দুপুরে লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের মিনঝিরি এলাকায় মিনঝিরি হোয়াইট পিক স্টেশন নামে একটি রিসোর্টে ওঠেন কয়েকজন পর্যটক। রুমে ওঠার পর সাদা পাহাড় এলাকায় মাতামুহুরি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় পর্যটক আব্দুল ওয়াদুদ সায়েম (২১)। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলসহ আশপাশের এলাকাগুলোতে খোঁজাখুঁজি শুরু করে। পরে সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল মরদেহ উদ্ধার করে। নিহত ব্যক্তি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাকখালী কদল ভূঁইয়ার এলাকার মো. সাইফুল্লাহর ছেলে।
রিসোর্টের ম্যানেজার মো. আরাফাত বলেন, ‘চট্টগ্রাম থেকে ছয়জন পর্যটকের একটি গ্রুপ ১২টার দিকে রিসোর্টে রুমে ওঠেন। তারপর নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হন একজন। আমরা নদীতে গভীর অংশে না যেতে লাল পতাকা দিয়েছি। পর্যটকদের না যেতে বলা হলেও আনন্দের ছলে গভীরে গেলে পানিতে ডুবে যায়।’
আরও পড়ুন: মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে পর্যটক নিখোঁজ
লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ জানান, খবর পেয়ে দুপুরে দেড়টা থেকে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় মরদেহ পাওয়া যায়। মরদেহটি হাসপাতালে পাঠানো হয়েছে।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান কামাল জানান, দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে ময়নাতদন্তের বিষয়টি সম্পন্ন করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

১২ ঘন্টা আগে
১







Bengali (BD) ·
English (US) ·