বান্দরবানে আবারও ৬ রাবার শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা

৫ ঘন্টা আগে
বান্দরবানে একদিনের ব্যবধানে ফের ছয় রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার টংকাবতী ইউনিয়নের হাতির ডেরা এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃতরা হলেন: নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। অপহৃতদের নাম পাওয়া গেলেও ঠিকানা পাওয়া যায়নি। তাদের কে বা কারা অপহরণ করেছে সেটি নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ ও স্থানীয়রা জানায়, কাজ শেষ করে রাবার শ্রমিকরা বাগানের ঘরে অবস্থান করছিলেন। রাত ১১টার দিকে হঠাৎ করে হাতে অস্ত্র ও মুখোশ পরে ১০ থেকে ১৫ জন সন্ত্রাসী এসে রাবার শ্রমিকদের মারধর করেন। পরে তাদের চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যান। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে বিষয়টি জানা জানি হয়ে এ নিয়ে এলাকাজুড়ে আতঙ্ক দেখা দেয়।


এ বিষয়ে টংকাবতী ইউপি চেয়ারম্যান মায়াং ম্রো প্রদীপ বলেন, ‘রাতে ছয় রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে গেছে। বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে।’


আরও পড়ুন: বান্দরবানে ৩ রাবার শ্রমিককে অপহরণ করল সশস্ত্র সন্ত্রাসীরা


এ বিষয়ে বান্দরবান জেলার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার বলেন, ‘রাতে টংকাবতী এলাকায় ১০/১৫ জন উপজাতি সন্ত্রাসী এসে ছয় রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। সকালে বিষয়টি জানার পর একটি দল গঠন করা হয়েছে এবং তাদের উদ্ধারে অভিযান পরিচালনা করা হচ্ছে।’


এর আগে গত মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৩টার দিকে নাইক্ষ্যংছড়ির বাইশারী থেকে তিন রাবার শ্রমিককে অপহরণ করে সন্ত্রাসীরা। পরে বুধবার সন্ধ্যায় তাদের উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

]]>
সম্পূর্ণ পড়ুন