বাধার মুখে ফুল না দিয়েই শহীদ মিনার ছাড়লেন রুমিন ফারহানা

৩ সপ্তাহ আগে
সরাইলে বাধার মুখে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে পারেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে সদ্য নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক আলোচিত নারী নেত্রী ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার দিবাগত রাতে (২১ ফেব্রুয়ারি) ভাষাশহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি বাধার মুখে স্থানীয় শহীদ মিনার ছেড়ে চলে আসতে বাধ্য হন।

 

এ ঘটনায় পরে রাত সাড়ে ১২টার দিকে রুমিন ফারহানার সমর্থকেরা সরাইল উপজেলার শাহবাজপুরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান। এ সময় মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

 

রুমিন সমর্থকদের অভিযোগ, সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে এক দল যুবক মিছিল নিয়ে এসে পরিস্থিতি ঘোলাটে করে। এক পর্যায়ে তারা সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে শ্রদ্ধা জানাতে বাধা দেয়। পরিস্থিতি ঘোলাটে ও উত্তপ্ত হওয়ায়, ফুল না দিয়েই রুমিন ফারহানা শহীদ মিনার ত্যাগ করেন।

 

আরও পড়ুন: ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

 

রুমিন ফারহানা স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, ‘পরিকল্পিতভাবে হামলার চেষ্টা হয়েছে। পরাজয়ের প্রতিশোধ নেয়ার জন্য এই হামলার চেষ্টা। তবে বিএনপি যদি এখনই মাঠ পর্যায়ের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ না করে, এর পরিণাম ভয়াবহ হবে।’

 

মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ জানান রুমিন ফারহানার সমর্থকরা। ছবি সময় সংবাদ

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রুমিন আরও বলেন, ‘ন্যাক্কারজনক ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’

 

আরও পড়ুন: ভাষাশহীদদের শ্রদ্ধা জানালেন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা

 

এ সময় আব্দুল আহাদ নামে তার এক আহত কর্মীর অবস্থাও গণমাধ্যমকর্মীদের সামনে তুলে ধরেন রুমিন।

 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বলেন, এই ঘটনায় আইনগত পদক্ষেপ নেয়া হবে। দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি। ঘটনার পর উত্তেজনা থাকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

]]>
সম্পূর্ণ পড়ুন