বাংলাবান্ধায় ২৪ হাজার ৬০০ মার্কিন ডলারসহ ভারতীয় নাগরিক আটক

১ সপ্তাহে আগে
পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলারসহ (ইউএস ডলার) পলাশ চন্দ্র মাঝি নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বন্দরের বিজিবি চেকপোস্টে তল্লাশিকালে এই বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়।

আটক পলাশ চন্দ্র মাঝির বাড়ি ভারতের হুগলি জেলার খানাকুল এলাকায়। বিজিবি সূত্রে জানা গেছে, তিনি প্রায় মাসখানেক আগে বৈধভাবে বাংলাদেশে এসেছিলেন। সোমবার দুপুরে ভারত ফেরার উদ্দেশ্যে তিনি বাংলাবান্ধা জিরো পয়েন্টে পৌঁছালে গোপন সংবাদের ভিত্তিতে তার দেহ তল্লাশি করা হয়।


পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাবান্ধা জিরো পয়েন্টের বিজিবি চেকপোস্টে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। পলাশ চন্দ্র মাঝির গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয় এবং তার কাছ থেকে ২৪ হাজার ৬০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৯ লাখ টাকার বেশি।


আরও পড়ুন: কাঁঠালের ভেতরে মিলল ৪০ বোতল মাদক!


বাংলাবান্ধা ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেফায়েতুল ওয়ারেস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবি চেকপোস্টে তল্লাশিকালে ওই ভারতীয় নাগরিকের কাছ থেকে বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। বর্তমানে আটক ব্যক্তির বিরুদ্ধে বিজিবি ও কাস্টমসের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'

]]>
সম্পূর্ণ পড়ুন