বাংলাদেশ না থাকায় কলকাতার টিকিট কাউন্টারগুলোতে ভাটা

২ সপ্তাহ আগে
বাংলাদেশের অনুপস্থিতিতে কলকাতায় বিশ্বকাপ নিয়ে আগ্রহে ভাটা। ৬৮ হাজার দর্শক ধারণ ক্ষমতার ইডেন গার্ডেন্সে নাকি টিকিট বিক্রি হয়নি ২১ হাজারও। কাউন্টারগুলোতে নেই চিরচেনা লম্বা লাইন। কলকাতায় অনুষ্ঠেয় ম্যাচগুলো নিয়ে দর্শকদের আগ্রহ নেই বললেই চলে। মূলত বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তি সরাসরি প্রভাব ফেলেছে ইডেনের টিকিট বিক্রিতে। এছাড়া, ইডেনে ভারতের ম্যাচ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।

কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে আর মাত্র কয়েক ঘণ্টা পর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু মাঠের বাইরে অস্থায়ী টিকিট কাউন্টারগুলিতে তেমন ভিড় নেই। কাউন্টারগুলোতে যে ক'জন টিকিট কিনতে এসেছেন, তাদের চোখে-মুখে আক্ষেপ স্পষ্ট। শুধু বাংলাদেশ না থাকাই নয়, বরং কলকাতাবাসীর আরও একটি বড় ক্ষোভ এই বিশ্বকাপে নিজেদের দেশের কোনো ম্যাচই পড়েনি ইডেন গার্ডেন্সে।

 

এ নিয়ে সময় সংবাদকে কলকাতার এক ক্রিকেটপ্রেমী বলেন, ‘(আইপিএলে) নেয়ার পরও মোস্তাফিজকে যখন বাদ দেওয়া হলো, সে জায়গাতেও আমরা একটা জিনিসি খেয়াল করলাম, সেখানেও তাকে নিয়ে নোংরামি হলো, শাহরুখ খানকে নিয়ে নোংরামি হলো। এটা কিন্তু খুব একটা আশা করা যায় না।’

 

অন্য একজন ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘এত বড় বিশ্বকাপ হচ্ছে, ভারতের বড় কোনো ম্যাচ নেই এখানে।’

 

আরও পড়ুন: বিনামূল্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখানোর ঘোষণা শ্রীলঙ্কার

 

মোস্তাফিজ ইস্যু থেকে শুরু হওয়া বিতর্ক এখন পৌঁছেছে আরও গভীরে। ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্কের স্তরে। কেউ কেউ বলছেন, বাংলাদেশের বাদ পড়ার পেছনে ক্রিকেটের চেয়েও বড় প্রভাব ফেলেছে দুই দেশের রাজনৈতিক টানাপোড়েন। পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়ানোয় ক্রিকেট কার্যত কূটনৈতিক যুদ্ধে পরিণত হয়েছে। উঠেছে বিতর্কও। যা নিয়ে মুখ খুলতে রাজি নন অনেক কলকাতাবাসীও।

 

তাদের একজন বলেন, ‘খেলার সঙ্গে রাজনীতি মেশানো উচিত নয়।’

 

অন্য ক্রিকেটপ্রেমী বলেন, ‘বাংলাদেশের একজন ক্রিকেটার নিয়েছিল বলে, শাহরুখ খান দেশদ্রোহী হয়ে গেল! জানি না ,খেলার পরিবেশের মধ্যে ধর্মকে টেনে আনা, রাজনীতিকে টেনে আনা, এটা আমরা ভালো চোখে দেখছি না।’

 

আরও পড়ুন: বিশ্বকাপ শুরুর আগের দিন ভারতীয় দলে পরিবর্তন

 

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে যে চেনা ছবি থাকে, শুক্রবার দিনভর ইডেন গার্ডেন্সের পরিবেশ কিন্তু ভিন্ন কথাই বলছে। বাংলাদেশহীন বিশ্বকাপ, ভারতীয় ম্যাচহীন ইডেন; এই দুই মিলিয়ে প্রশ্ন উঠছেই ক্রিকেট কি এখনও শুধু খেলা, নাকি ধীরে ধীরে তা হয়ে উঠছে রাজনীতির ময়দান ?

 

ফাঁকা টিকিট কাউন্টার। ইডেনের গেটগুলোর নীরব প্রহর গোনার দৃশ্য একেবারেই অচেনা । এখন দেখার, শেষ পর্যন্ত উদ্বোধনী ম্যাচে ক্রিকেটভক্তদের কত শতাংশ উপস্থিতি নিয়ে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি তাদের এই ক্রীড়ানুষ্ঠান শুরু করতে পারে।

]]>
সম্পূর্ণ পড়ুন