বদলেছে হামের ধরন, উদ্বেগ বাড়ছে চিকিৎসকদের

২ দিন আগে
চরিত্র বদলেছে হামের। আগের রেকর্ড না থাকলেও এবার আক্রান্ত হচ্ছে ৬ মাসের কম বয়সি শিশুরা। যদিও এখনই একে নতুন ধরন বলে শনাক্ত করতে রাজি নন বিশেষজ্ঞরা। তাই নতুন কোনো ধরন কি-না, তা নিয়ে চলছে গবেষণা। ফলাফল পেতে সময় লাগতে পারে অন্তত ৬ মাস।

আশঙ্কাজনক হারে ছড়িয়ে পড়ছে মারাত্মক ছোঁয়াচে হাম রোগ। কয়েক দিন ধরে ধারণক্ষমতার বেশি রোগী হাসপাতালগুলোতে ভর্তি রয়েছে। হাসপাতালে ভর্তি বেশির ভাগ শিশুই ৯ মাসের কম বয়সি। এতে দুশ্চিন্তা বাড়ছে অভিভাবকদের।

 

৬ মাসের কম বয়সের শিশুরা হামে আক্রান্ত হওয়ায় উদ্বেগ বাড়ছে চিকিৎসকদেরও। তারা বলছেন, কম বয়সের শিশুদের হামে আক্রান্তের রেকর্ড না থাকলেও এবার আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছে।

 

আরও পড়ুন: হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে: ডা. রফিক

 

শিশু সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মীর্জা মো. জিয়াউল ইসলাম বলেন, 

চিকিৎসা বিজ্ঞানে আমরা যে বই পড়ে এসেছি, তাতে ৬ মাসের কম বয়সি বাচ্চাদের সাধারণত হাম হয় না। অদ্ভূতভাবে এ বছর ৬ মাসের কম বয়সি আমরা এখন পর্যন্ত পেয়েছি ৬০ জন। ৬ মাস থেকে ৯ মাস বয়সি বাচ্চা পেয়েছি ৬৫ জন, এটা আগে ছিল শূন্যের কোটায়। বিষয়টি খুবই উদ্বেগজনক। বয়স ভিত্তিক হামে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৬০ ডিগ্রি হয়ে গেল।  

 

চরিত্র বদলে হামের এমন সংক্রমণ নতুন কোনো ধরন কি-না, এমন প্রশ্নে বিশেষজ্ঞরা বলছেন, আগের টিকা কাজ করায় এখনই নতুন ধরন বলা যাচ্ছে না, তবে গবেষণা শুরু হয়েছে। নিশ্চিত হতে সময় লাগতে পারে ৬ মাস।

 

আরও পড়ুন: ঢাকার দুই সিটিতে টিকা দেয়া হলে নিয়ন্ত্রণে আসবে হাম: স্বাস্থ্যমন্ত্রী

 

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মুশতাক হোসেন বলেন, ‘শুধু বাংলাদেশ না, অন্য দেশেও দেখা যায়, ৬ মাসের নিচের বাচ্চারা হামে আক্রান্ত হচ্ছে। এটা নতুন কোনো বৈশিষ্ট্য কি-না, সেটা এখনও জানা যায়নি। কারণ সেটা হলে টিকা পরিবর্তন করতে হবে। কিন্তু যেই টিকা আছে, সেটাই কাজ করছে।’

 

হামের প্রাদুর্ভাব কমাতে শিশুদের টিকা দেয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ বিশেষজ্ঞদের।

 

এদিকে হামের প্রার্দুভাব ঠেকাতে ঢাকার দুই সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি করপোরেশন এলাকায় গতকাল রোববার (১২ এপ্রিল) থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

 

এছাড়া আগামী ২০ এপ্রিল থেকে দেশব্যাপী টিকা কার্যক্রম শুরু হবে, যা চলবে ১১ মে পর্যন্ত। ছয় মাস থেকে পাঁচ বছরের কম বয়সি শিশুরা এ টিকা নিতে পারবে। এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ৩০টি উচ্চ ঝুঁকিপূর্ণ হটস্পট এলাকায় এ কর্মসূচি শুরু হয়।

 

স্বাস্থ্য অধিদফতরের তথ্যানুযায়ী, গত ১৫ মার্চ থেকে গতকাল রোববার (১২ এপ্রিল) পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১৫১ শিশুর মৃত্যু হয়েছে। আর হামে মারা গেছে ২৮ শিশু। 

]]>
সম্পূর্ণ পড়ুন