বগুড়ায় শিশু ধর্ষণ, থানা ঘেরাও এলাকাবাসীর

১৯ ঘন্টা আগে
বগুড়ার দুপচাঁচিয়ায় সাত বছর বয়সী শিশু ধর্ষণের প্রতিবাদে থানা ঘেরাও ও সড়ক অবরোধ করেছে স্থানীয়রা।

মঙ্গলবার (৫ মে) দুপুরে বগুড়া-নওগাঁ মহাসড়কের দুপচাঁচিয়া থানা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। 

 

এর আগে সোমবার রাতে শিশুকে ধর্ষণের অভিযোগে তাৎক্ষণিকভাবে ইদ্রিস আলী (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। দুপুরে তাকে আদালতে নেয়ার আগে এ বিক্ষোভ চালায় গ্রামবাসী। এ সময় অভিযুক্তের ফাঁসির দাবিতে শিক্ষক, অভিভাবক, গ্রামবাসী বিক্ষোভ মিছিল বের করে।


গ্রেফতার ইদ্রিস আলী (নওগাঁ জেলার বদলগাছী উপজেলার হলুদ বিহার এলাকার মৃত আক্কাস আলীর ছেলে। তিনি ব্র্যাক দুপচাঁচিয়া শাখার সাবেক হিসাবরক্ষক কর্মকর্তা। বর্তমানে ধাপ-সুখানগাড়ী মহল্লার একটি ভাড়া বাসায় বসবাস করেন।


পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী একই এলাকার এক নারীর কাছে  নিয়মিত প্রাইভেট পড়ত। ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শিশু তার কাছে পড়তে যায়। গৃহশিক্ষিকার অনুপস্থিতির সুযোগে তার স্বামী ওই শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয়। বিষয়টি টের পেয়ে রাতেই শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।


আরও পড়ুন: বগুড়ায় শিক্ষার্থীদের জুতার মালা পরানোর অভিযোগে শিক্ষিকাকে শোকজ, তদন্ত শুরু

স্থানীয়রা জানান, শিশু ধর্ষণের ঘটনা জেনে উত্তেজিত হয়ে ওঠেন মহল্লার বাসিন্দারা। দুপুরে বিক্ষোভে স্কুলের শিক্ষক ও অভিভাবকরা একাট্টা হন। বিক্ষুব্ধরা প্রথমে থানায় গিয়ে ধর্ষকের ফাঁসির দাবিতে অবস্থান নেয়। সেখান থেকে মিছিল নিয়ে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় চত্বরে জড়ো হন। সকল শ্রেণি-পেশার জনতা একত্রিত হয়ে উপজেলার বিভিন্ন সড়কে খণ্ড খণ্ড অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।  


এ বিষয়ে দুপচাঁচিয়া থানার ওসি তাজমিলুর রহমান জানান, শিশু ধর্ষণ মামলার পরই আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। উত্তেজিত পরিস্থিতি নিয়ন্ত্রণ করায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিক্ষুব্ধরা অবরোধ তুলে নেওয়ায় সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন