বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেফতার

২ সপ্তাহ আগে
চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এনসিপির বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্যসচিব।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে বগুড়া সদর থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, মারপিট ও চাঁদাবাজির অভিযোগে আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।


মামলা সূত্রে জানা যায়, ‘অ্যাপোলো পাওয়ার লিঙ্ক’ নামের একটি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক লিফট সরবরাহ ও সার্ভিসিংয়ের কাজ করতেন মিজানুর রহমান সাগর। প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামাণিকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়।


অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ৩০ আগস্ট রাত ১০টার দিকে মিজানুর রহমান সাগর ও তার ১০-১২ জন সহযোগী রুবেলকে সরকারি আজিজুল হক কলেজের পেছনে জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করা হয়। পরে রুবেলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে একই বছরের ২২ সেপ্টেম্বর তিনি আদালতে মামলা করেন।


আরও পড়ুন: চাঁদাবাজি-সন্ত্রাস নিয়ে অভিযোগ করা যাবে পরিবেশমন্ত্রীর দেয়া নম্বরে


আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু জাফর তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।


পুলিশ জানায়, গ্রেফতারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন