ফেনীতে শিশু শিক্ষার্থীদের মিড ডে মিলে ‘পচা’ রুটি

২ ঘন্টা আগে
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত ‘মিড ডে মিল’ কর্মসূচিতে শিশুদের নিরাপদ খাবার নিশ্চিত করার কথা থাকলেও ফেনীর সোনাগাজীতে দেখা গেল ভিন্ন চিত্র। সেখানে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হলো ছত্রাকযুক্ত বনরুটি।

সোমবার (৬ এপ্রিল) উপজেলার কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে ছত্রাকযুক্ত বনরুটি তুলে দেয়ার ঘটনা ঘটেছে।


বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে বিদ্যালয়ের ১৫১ জন শিক্ষার্থীর জন্য টিফিন হিসেবে বনরুটি সরবরাহ করে ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী। বিতরণের পর অন্তত ১৭টি রুটিতে ছত্রাক দেখা যায়। কয়েকটি রুটি থেকে দুর্গন্ধও ছড়াচ্ছিল। বিষয়টি অবহিত হওয়ার পর তাৎক্ষণিকভাবে খাবার বিতরণ বন্ধ করে স্কুল কর্তৃপক্ষ। তবে এর আগেই কিছু শিক্ষার্থীর হাতে রুটি পৌঁছে যায়।


ফাহিমা নামে এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, ‘শিশুদের খাবারের মতো স্পর্শকাতর বিষয়ে এমন নিম্নমানের ও ছত্রাকযুক্ত রুটি দেয়া কোনোভাবেই মেনে নেয়া যায় না। এটি দায়িত্বহীনতার চূড়ান্ত উদাহরণ। এ ধরনের ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।’


আরও পড়ুন: স্কুলে মিড ডে মিল চালু নিয়ে যে বার্তা দিলেন ববি হাজ্জাজ


কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব বলেন, ‘১৫১ জন শিক্ষার্থীর জন্য সরবরাহ করা রুটির মধ্যে ১৭টি ছত্রাকযুক্ত পাওয়া গেছে। কোমলমতি শিশুদের কথা বিবেচনায় নিয়ে সঙ্গে সঙ্গে টিফিন বিতরণ বন্ধ করা হয়। এরইমধ্যে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।’


অভিযোগ প্রসঙ্গে জানতে ঢাকার সেই ঠিকাদারি প্রতিষ্ঠান স্বদেশ পল্লী কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।


এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাহেরুল ইসলাম বলেন, ‘বিষয়টি অবগত হয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। শিশুদের খাবারে এ ধরনের অবহেলা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে এবং ভবিষ্যতে যেন এমন না ঘটে সেই বিষয়ে কঠোর নির্দেশনা দেয়া হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন