ফিনালিসিমা বাতিল, সার্বিয়ার বিপক্ষে খেলবে স্পেন

১৩ ঘন্টা আগে
ইউরো চ্যাম্পিয়ন স্পেন আগামী ২৭ মার্চ একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হবে সার্বিয়ার। বাতিল হওয়া ফিনালিসিমা ম্যাচের বিকল্প হিসেবেই এই ম্যাচ আয়োজন করা হচ্ছে।

মূলত, আর্জেন্টিনার বিপক্ষে কাতারে ফিনালিসিমা খেলার কথা ছিল স্পেনের। তবে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়।


স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, কঠিন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে দলটি যাবে কাস্টেলন শহরে। ম্যাচটি অনুষ্ঠিত হবে ভিয়ারিয়ালের মাঠ এস্তাদিও দে লা সেরামিকায়। যা ‘এল মাদ্রিগাল’ নামেও পরিচিত।


উল্লেখ্য, ফিনালিসিমা ম্যাচে মেসি ও আলভারেজদের মুখোমুখি হওয়ার কথা ছিল স্পেনের। কিন্তু পরিস্থিতির কারণে নতুন ভেন্যু ও সময় নির্ধারণের চেষ্টা ব্যর্থ হয়।


আরও পড়ুন: বিশ্বকাপ বয়কটের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানায়নি ইরান: এএফসি 


ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছে, প্রস্তাবিত বিকল্পগুলোতে সম্মতি না দেয়ায় ম্যাচটি শেষ পর্যন্ত বাতিল করা হয়। ২০২২ সালের ফিনালিসিমায় আর্জেন্টিনা ইতালিকে হারিয়েছিল।


এদিকে, ৩০ মার্চ মিশরের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে স্পেনের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে ম্যাচটির ভেন্যু ও তারিখ পরিবর্তনের পরিকল্পনা করছে স্পেন।


আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। এবারের আসরে অন্যতম ফেবারিট হিসেবে বিবেচনা করা হচ্ছে স্পেনকে।

]]>
সম্পূর্ণ পড়ুন