ফিক্সিং কাণ্ডের জন্য দেশ ও ভক্তদের কাছে ক্ষমা চাইলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার

১ মাস আগে
স্পট ফিক্সিংয়ের দায়ে ১০ বছরের জন্য নিষিদ্ধ হন পাকিস্তানের সাবেক ক্রিকেটার নাসির জামশেদ। এরপর ১৭ সপ্তাহের কারাদণ্ডও পেয়েছিলেন এই ক্রিকেটার। ম্যানচেস্টারের ক্রাউন কোর্ট তাকে এই সাজা দিয়েছিলেন। তবে ফিক্সিং কাণ্ডের জন্য পাকিস্তান ও ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন জামশেদ। তিনি বলেছেন, ‘পাকিস্তান ও বিশ্বের সকল ক্রিকেট ভক্তদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি লজ্জিত।’

২০১৭ সালের ফেব্রুয়ারিতে বার্মিংহামে জাতীয় অপরাধ সংস্থার (এনসিএ) দুর্নীতি দমন ইউনিট কর্তৃক গ্রেপ্তার হন নাসির জামশেদ। পরবর্তীতে দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথম সাক্ষাৎকারে জামশেদ প্রকাশ করেন যে, কারাগারে থাকাকালীন তিনি আত্মহত্যার কথাও ভেবেছিলেন। 

 

২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে ফিক্সিংয়ের চেষ্টা করেছিলেন জামশেদ। এ জন্য ঘুষও নিয়েছিলেন জুয়াড়িদের কাছ থেকে। কিন্তু সফল হননি। তবে পরের বছর পরিকল্পিতভাবে পিএসএলে ফিক্সিংয়ে সফল হন তিনি। আর তাতেই কপাল পুড়ে এই ক্রিকেটারের। 

 

আরও পড়ুন: ম্যাচের ১৫ মিনিট আগে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

 

এতদিন পর এই অপরাধবোধ হয়তো তাকে কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। যে কারণে পাকিস্তান ও সকল ক্রিকেট ভক্তদের কাছে ক্ষমা চেয়েছেন নাসির জামশেদ। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে নাসির জামশেদ বলেন, ‘পাকিস্তান ও সকল ক্রিকেট ভক্তদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। আমি লজ্জিত। আমি যা করেছি তা সম্পূর্ণ ভুল ছিল। নতুনদের প্রতি আমার পরামর্শ হলো, কখনোই দুর্নীতির সাথে জড়িত হবেন না। কারণ, এটি আপনাকে এবং আপনার আশেপাশের মানুষকে ধ্বংস করতে পারে। এটার জন্য অনেক ভুগতে হয়। আমার অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও।’ 

 

পাকিস্তানের হয়ে দুটি টেস্ট, ৪৮টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা নাসির জামশেদ জানিয়েছেন, কারাগারে থাকাকালীন সময়ে তিনি আত্মহত্যাও করতে চেয়েছিলেন। ‘আমি অনেকবার আমার জীবন শেষ করতে চেয়েছিলাম। আমি যা করেছি তারপর আমার আর কোনো আশা ছিল না, কিন্তু আমার স্ত্রী ড. সামারা আমার জীবন বাঁচিয়েছে। সে আমাকে অনেক সহযোগিতা করেছে। সে আমাকে আমাদের মেয়ে হানিয়া জামশেদের ছবি পাঠাতো, তাতে আমার মনে ইতিবাচক চিন্তা আসতো— আমি তার জন্য বাঁচব এবং তার জন্য যতটা সম্ভব লড়াই করব। আমার স্ত্রী এবং মেয়ে আমার জীবন বাঁচিয়েছে। আমার স্ত্রী আমার জন্য যা করেছে তার জন্য আমি কখনই যথেষ্ট ধন্যবাদ জানাতে পারব না।’ 

 

আরও পড়ুন: সুপার ওভারেও টাই, তৃতীয় চেষ্টায় আফগানিস্তানকে হারাল দ. আফ্রিকা

 

নিষেধাজ্ঞার ৯ বছর পার করে ফেলেছেন নাসির জামশেদ, বাকি আছে আর মাত্র ১ বছর। তবে এরমধ্যেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছে নিষেধাজ্ঞার ব্যাপারে বিবেচনা করার জন্য আবেদনও করেছেন জামশেদ। ‘আমি মহসিন নাকভির কাছে কৃতজ্ঞ থাকবো যদি তিনি আমার অনুরোধ বিবেচনা করতে পারেন। আমি ইতিমধ্যেই আমার নিষেধাজ্ঞার নয় বছর পূর্ণ করেছি।’ 

 

জামশেদ আরও বলেন, ‘পুলিশের সাক্ষাৎকারের সময় আমি কোনও মন্তব্য করতে চাইনি। কিন্তু জিজ্ঞাসাবাদ থেকে আমি বুঝতে পারি যে তাদের কাছে আমার বিরুদ্ধে সম্পূর্ণ প্রমাণ রয়েছে। আমি শহীদ আলীকে একই কথা বলেছিলাম, কিন্তু তিনি জোর দিয়েছিলেন যে আমার দোষ স্বীকার করা উচিত নয় এবং বলেছিলেন যে তিনি আমাকে বাঁচানোর জন্য কোনও উপায় খুঁজে বের করবেন। তিনি আমাকে আশ্বস্ত করেছিলেন যে সবকিছু ঠিকঠাক হবে। তবে তিনি কেবল অর্থ উপার্জন করতে আগ্রহী ছিলেন।’

]]>
সম্পূর্ণ পড়ুন