ফাল্গুনেই বৃষ্টির হানা? বঙ্গোপসাগরে লঘুচাপের ঘনঘটা

৩ সপ্তাহ আগে
শীতের বিদায়বেলায় প্রকৃতিতে যখন বসন্তের আমেজ, ঠিক তখনই বঙ্গোপসাগরে নতুন এক আবহাওয়ার সমীকরণ তৈরি হচ্ছে। বিষুবীয় ভারত মহাসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা দেশের উত্তর-পশ্চিমাঞ্চলসহ বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা তৈরি করছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সবশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দেশের কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
 

শনিবার (২১ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।


এতে বলা হয়েছে, আগামী সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে দেশের আকাশ মেঘলা হতে শুরু করবে এবং বৃষ্টির দেখা মিলতে পারে। ওইদিন রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


পরদিন (২৪ ফেব্রুয়ারি) বৃষ্টির আওতা আরও বাড়তে পারে। এদিন রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
 

আবহাওয়া সংক্রান্ত আরও সংবাদ পড়তে ক্লিক করুন এখানে
 

অন্যদিকে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে।


বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি তাপমাত্রারও পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। আগামী দুদিন (২১ ও ২২ ফেব্রুয়ারি) সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বৃষ্টির প্রভাবে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে। বর্ধিত ৫ দিনের পূর্বাভাসে রাতের তাপমাত্রা আরও কমার ইঙ্গিত দেয়া হয়েছে।


গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বান্দরবান ও রাঙামাটিতে (৩৪.৫° সেলসিয়াস) এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ডিমলায় (১৪.০° সেলসিয়াস)। এই সময়ে দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।


আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, বর্তমানে একটি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপটি ঘনীভূত হয়ে আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে, যার প্রভাবে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন