ফগার মেশিন নিয়ে মশক নিধনে এমপি ওয়াহাব

৪ সপ্তাহ আগে
ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান শুরু করেছে জেলা প্রশাসন। শনিবার দুপুরে নগরীর টাউনহল প্রাঙ্গণে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন ময়মনসিংহ-৪-সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ।

এরপর সংসদ সদস্য পরিচ্ছন্নতাকর্মীদের সাথে ফগার মেশিন দিয়ে বিভিন্ন জায়গায় ওষুধ প্রয়োগে অংশ নেন। একইসঙ্গে তিনি এ কার্যক্রম পরিচালনা ব্যয়ে এমপি হিসেবে তার এক মাসের সম্মানী ভাতা জেলা প্রশাসনকে দেয়ার ঘোষণা দেন।


তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দিয়েছেন। আমরা বিশ্বাস করি যেকোনো কাজ আগাম প্রস্তুতি নিয়ে বাস্তবায়ন করলে সফলতা পাওয়া যায়। এ কারণে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে বর্তমান সরকার প্রশাসন এবং জনগণকে সাথে নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছে। এই কাজটি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের জন্য একজন সংসদ সদস্য হিসাবে সরকারীভাবে প্রাপ্ত আমার প্রথম সম্মানী ভাতাটি বরাদ্দ করছি। যথাসময়ে তা জেলা প্রশাসকের কাছে পৌঁছে যাবে।’


সংসদ সদস্য আরও বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রম মানুষ পর্যবেক্ষণ করছে, যা ইতিমধ্যে সর্বমহলে প্রশংসিত হয়েছে। আমরা তার এই ভালো কাজগুলো এগিয়ে নিতে বদ্ধপরিকর। এ কারণে ডেঙ্গু প্রতিরোধ বা মশক নিধন কার্যক্রম যেন লোক দেখানো না হয়, বাস্তবে তা সফল করতে আমরা সমন্বিতভাবে কাজ করতে চাই।’ 

আরও পড়ুন: মির্জা আব্বাসের সুস্থতায় দোয়া চাইলেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এক্ষেত্রে মশক নিধনে যদি আরও ভালো মানের কোন ওষুধ পাওয়া যায়, তা সংগ্রহ করতে উদ্যোগ নেওয়ার জন্য জেলা প্রশাসকের প্রতি আহবান জানান এমপি ওয়াহাব আকন্দ।


উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান, নবাগত এসপি মো. কামরুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবীবা মীরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানাতুল ফেরদৌস হ্যাপী প্রমুখ।


এসময় জেলা প্রশাসক (ডিসি) মো. সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে ইতিমধ্যে আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। চলতি মৌসুমজুড়ে সপ্তাহের প্রতি শনিবার এই কার্যক্রম নগরীর বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে নিয়মিত চলবে।

]]>
সম্পূর্ণ পড়ুন