প্রথমবারের মতো শুরু হতে যাচ্ছে নারী বিপিএল

১ মাস আগে
প্রথমবারের মতো মেয়েদের বিপিএল শুরু করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৩ এপ্রিল শুরু হবে নারী বিপিএল, শেষ হবে ১৫ এপ্রিল।

গত নভেম্বরে নারী বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের আশ্বাস দিয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। সবশেষ বিপিএলের নিলামের দিন দেওয়া সেই রেখেছেন বিসিবি সভাপতি। আগামী এপ্রিলের ৩ তারিখেই মাঠে গড়াবে নারী বিপিএল। 

 

আরও পড়ুন: কলম্বোতে ভারত-পাকিস্তান মহারণ, বিমানের ভাড়া আকাশছোঁয়া

 

এর আগে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কয়েকবার নারী বিপিএলের শুরুর কথা বলেছিলেন। নারী ক্রিকেটারদের নিয়ে এ নিয়ে আলোচনাও করেছিলেন তিনি। তবে সেই আলোচনা আলোর মুখ দেখেনি। বোর্ড সভাপতি পরিবর্তনের পর ফের নারী বিপিএলের কথা তুলেছিলেন ক্রিকেটাররা। 

 

২০২৫ বিপিএলের মাসকট ও থিম সং উন্মোচনের সময় ফারুক আহমেদের কাছে নারী বিপিএল শুরুর কথা বলেছিলেন ক্রিকেটাররা। সেই সময় অবশ্য আশ্বাসও দিয়েছিলেন তিনি। নাজমুল আবেদীন ফাহিম অবশ্য তখন বলেছিলেন, ছেলেদের বিপিএল শেষ হলেই মেয়েদের বিপিএল শুরু হবে। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি। 

 

আরও পড়ুন: সহজ জয়ে বিশ্বকাপ যাত্রা শুরু চোটে জর্জরিত অস্ট্রেলিয়ার

 

বোর্ড সভাপতির দায়িত্বে আসার পর আমিনুল ইসলাম বুলবুলও একই আশ্বাস দিয়েছিলেন। তবে তিনি তার কথা রেখেছেন। আগামী ৩ থেকে ১৫ এপ্রিল প্রথমবারের মতো মাঠে গড়াবে নারী বিপিএল। 

 

টুর্নামেন্টে অংশ নেবে তিনটি দল। ড্রাফট পদ্ধতিতে সাজানো হবে দলগুলো। স্থানীয় ক্রিকেটারদের পাশাপাশি প্রতিটি দলে থাকবে বিদেশি ক্রিকেটাররাও। তবে একটি দল কতজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি করতে পারবে, সেটা এখনও জানানো হয়নি। এখনও ঠিক হয়নি ফ্র্যাঞ্চাইজির নাম। তা ছাড়া ড্রাফটের নিয়ম, টুর্নামেন্টের ফরম্যাট, ভেন্যু ও সূচি পরবর্তীতে জানাবে বিসিবি।

]]>
সম্পূর্ণ পড়ুন