সকাল থেকেই কেরানীগঞ্জের ঢাকা-৩ আসনের বিভিন্ন কেন্দ্রগুলোতে তাদের উপস্থিতি ছিল বেশ। ভোটকেন্দ্রের পরিবেশ ছিল শান্ত ও উৎসবমুখর। অনেক তরুণই জানিয়েছেন, পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে তারা ভোট দিতে এসেছেন। কেউ কেউ ভিড় এড়াতে খুব সকালে কেন্দ্রে পৌঁছেছেন, আবার কেউ ভোট দেয়ার মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে ছবি তুলছেন।
ভোট দিয়ে বেরিয়ে আসা তরুণ ভোটারদের সঙ্গে কথা বললে উঠে আসে নানা অনুভূতি। সজিব চন্দ্র দাস বলেন, 'প্রথমবার ভোট দিলাম। শুরুতেই দিতে পেরেছি। প্রথমে ভিড় কম ছিল। ঝামেলা ছাড়াই দিতে পেরেছি। প্রথম ভোট দিয়ে ভালো লাগছে।'
আরও পড়ুন: ভোট দিলেন মামুনুল হক
২১ বছর বয়সি সামিয়া রহমান বলেন, 'এটা আমার জীবনের প্রথম ভোট। ব্যালট হাতে নেয়ার মুহূর্তটা খুবই আবেগের ছিল। মনে হয়েছে, আমার একটা ভোটও দেশের ভবিষ্যৎ বদলাতে ভূমিকা রাখতে পারে।'
রাকিবুল ইসলাম বলেন, 'এতদিন শুধু বড়দের ভোটের কথা শুনতাম, আজ নিজে দিলাম। শান্ত পরিবেশে ভোট দিতে পেরে ভালো লেগেছে। আশা করি, আমাদের প্রজন্মের মতামত গুরুত্ব পাবে।'
এদিকে কলেজছাত্রী ফারহানা আক্তার বলেন, 'ভোটকেন্দ্রে ঢোকার আগে একটু নার্ভাস ছিলাম। কিন্তু ভেতরে গিয়ে দেখলাম সবকিছু খুব সুন্দরভাবে সাজানো। নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে ভালো লাগছে।'
তরুণ মেহেদী হাসান বলেন, 'শুধু অভিযোগ করলে হবে না, পরিবর্তন চাইলে ভোট দিতে হবে—এই বিশ্বাস থেকেই আজ এসেছি। প্রথম ভোটটা স্মরণীয় হয়ে থাকবে।'
তানভীর আহমেদ বলেন, 'লাইনে দাঁড়িয়ে অনেক তরুণকে দেখে ভালো লেগেছে। মনে হয়েছে, আমাদের প্রজন্ম ভোটের প্রতি আগ্রহী।'
কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানিয়েছেন, প্রথমবারের ভোটারদের অনেকেই নিয়মকানুন জানতে চেয়েছেন, কিন্তু ধৈর্য ধরে প্রক্রিয়া অনুসরণ করেছেন।
সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও ভোর থেকেই কেন্দ্রে আসতে থাকেন ভোটাররা। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশে ২৯৯ সংসদীয় আসনে ভোট দেবেন ভোটাররা।
দেশের মোট ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষ থাকবে। এবারের নির্বাচনে মোট ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে।
আরও পড়ুন: উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ, সকাল থেকেই লাইনে ভোটাররা
এই নির্বাচনে মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী সংখ্যা ১ হাজার ৭৫৫ জন, স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী ৮৩ জন (দলীয় ৬৩ জন এবং স্বতন্ত্র ২০ জন)।
এবার জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনের ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ১ হাজার ২৩২ জন।
জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনে নির্বাচন বাতিল করেছে ইসি। এ কারণে এই আসনটি বাদে ২৯৯ সংসদীয় আসনে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

৪ সপ্তাহ আগে
৬







Bengali (BD) ·
English (US) ·