পিরোজপুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার

৪ সপ্তাহ আগে
পিরোজপুরের নেছারাবাদে গলাকাটা অবস্থায় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নের পূর্ব সারেংকাঠি গ্রামের মামুন মোল্লার ইট ভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদী সংলগ্নে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে পূর্ব সারেংকাঠি গ্রামের ২নং ওয়ার্ডে মামুনের ইটভাটার দক্ষিণ-পশ্চিম কোণে সন্ধ্যা নদীর  ধারে একটি গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় ইটভাটার শ্রমিকরা। পরে তারা বিষয়টি নেছারাবাদ থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে নেছারাবাদ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তবে মরদেহটির মাথা শরীর থেকে বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করতে পারেননি।


পুলিশের প্রাথমিক ধারণা, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে নির্জন স্থানে হত্যা করে মরদেহটি ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: পিরোজপুরে ‘হানিট্রাপে’ ব্যবসায়ী, নগ্ন ভিডিও ধারণে আটক ১

এ বিষয়ে পুলিশ জানায়, কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তথ্যপ্রযুক্তির সহায়তায় মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।


ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সার্কেল এসপি এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি)। পুলিশ ঘটনাটির রহস্য উদ্ঘাটনে কাজ করছে।

]]>
সম্পূর্ণ পড়ুন