পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে আয়ারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

২ সপ্তাহ আগে
পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত (নয়াদিল্লিভিত্তিক) কেভিন কেলি।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাৎ হয় বলে মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য আন্তরিক অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত।

 

উভয়পক্ষ পারস্পরিকভাবে লাভজনক অংশীদারিত্ব এগিয়ে নেয়ার বিষয়ে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। বাণিজ্য ও বাণিজ্যিক সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, পাশাপাশি কনস্যুলার ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করেন তারা। দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় পরিসরে সহযোগিতা আরও জোরদারের বিষয়েও আলোচনা হয়।


২০২৬–২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার প্রতি আয়ারল্যান্ডের সমর্থন কামনা করেন প্রতিমন্ত্রী। এছাড়া উভয়পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করে শান্তি, স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন