পঞ্চগড়ে খোলাবাজারে পেট্রোল বিক্রির দায়ে যুবকের জেল, পেট্রোল জব্দ

১ সপ্তাহে আগে
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে কেশব রায় (২৭) নামে এক মোটরসাইকেল পার্টস ব্যবসায়ীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে অভিযান পরিচালনা করে তাকে পেট্রোল বিক্রি করা অবস্থায় আটক করা হয়। 


পরে ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক। পরে পুলিশের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। এসময় ২৭ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।


দণ্ডপ্রাপ্ত কেশব রায় সোনাহার মল্লিকাদহ ইউনিয়নের কুমারগারী এলাকার সুভাষ রায়ের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, দেবীগঞ্জ উপজেলা সদরের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে খন্দকার মার্কেটে কেশব তার মোটরসাইকেল পার্টসের ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন পেট্রোল পাম্প থেকে পেট্রোল সংগ্রহ করে অবৈধভাবে মজুত করে রাখেন। একইসঙ্গে অতিরিক্ত মূল্যে ২৫০ থেকে ৩০০ টাকা লিটার হিসেবে খোলা বাজারে বিক্রি করেন। পরে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করার বিষয়টি স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানোর পর সেখানে অভিযান চালানো হয়।


আরও পড়ুন: পঞ্চগড়ে হঠাৎ শিলাবৃষ্টি ও কালবৈশাখীর তাণ্ডব, ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

অভিযানের মাধ্যমে অবৈধভাবে তেল মজুত ও সংরক্ষণ করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। পরে জব্দ করা ২৭ লিটার পেট্রোল বিক্রির ৩ হাজার ১৩২ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়।


নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক বলেন, খোলা বাজারে পেট্রোল বিক্রির দায়ে কেশবকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। ২৭ লিটার পেট্রোল বিক্রি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেয়া হয়েছে।


ভ্রাম্যমাণ আদালতে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক সহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

]]>
সম্পূর্ণ পড়ুন