পঞ্চগড়ে মাটি খুঁড়তেই বেরিয়ে এলো ‘মুক্তিযুদ্ধের সময়ের’ মর্টার শেল

১ সপ্তাহে আগে
পঞ্চগড়ে সুপারি বাগান থেকে ‘মুক্তিযুদ্ধের সময়ের’ একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পৌরসভার পশ্চিম জালাশি এলাকায় হোসেন আলীর অনাবাদি জমিতে মাটি কাটার সময় ওই মর্টার শেলটি উদ্ধার করেন শ্রমিকরা। বিকেলে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বস্তুটি সংরক্ষণ করে নিরাপদে রাখে পুলিশ।

এ দিকে এ খবর ছড়িয়ে পড়ার পর এক নজর দেখতে ঘটনাস্থলে ভিড় করেন উৎসুক মানুষজন। অনেকেই প্রথমবারের মত বস্তুটি দেখে বিস্মিত হন।


জানা যায়, প্রথমে এটিকে লোহাজাতীয় বস্তু মনে করে বাড়িতে নিয়ে পরিষ্কার করেন জমির মালিকের পরিবারের সদস্যরা। পরে সন্দেহ হলে স্থানীয়দের দেখালে তারা মর্টার শেল বলে ধারণা দেন। পরে বস্তুটিকে আবার উদ্ধারস্থলের পাশে নিরাপদে রাখা হয় এবং খবর দেয়া হয় পুলিশকে।


আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় পুকুর খুঁড়তে গিয়ে মিলল মুক্তিযুদ্ধের সময়ের মর্টার শেল


জমির মালিক হোসেন আলী সময় সংবাদকে বলেন, ‘আমার এই জমিতে অন্য ফসল আবাদ না হওয়ায় সুপারি বাগানের পরিকল্পনা নিয়ে শ্রমিক দিয়ে মাটি খুঁড়া শুরু করি। কয়েকদিন ধরে কাজ চলছিল। আজ হঠাৎ একজনের কোদালে লোহার মত কিছু পড়লে সে সেটা তুলে উপস্থিত শ্রমিকদেরসহ আমাদের জানায়। এরপর আমরা প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও, পরে কয়েকজনের মাধ্যমে জানতে পেরে পুলিশকে খবর দেই।’


জমিতে কাজে থাকা শ্রমিক জাহিদুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘কাজ করার সময় কোদালের সঙ্গে ধাক্কা খায় বস্তুটি। প্রথমে লোহা ভেবে ওপরে তুলে দেখি অনেক ওজন। এ সময় আশপাশের সবাইকে দেখালে বিভিন্ন কথা বলেন। পরে এটিকে বাসায় নিয়ে যাওয়া হয়। ধুয়ে পরিষ্কার করার সময় একটু বারুদের গন্ধ বের হয়। এটি কি আসলে আমি জানি না তবে শুনেছি বোমার মত জিনিস। আব্বা বলেন এটা ১৯৭১ সালের যুদ্ধের সময়ের বোমা।’


আরও পড়ুন: ভারত থেকে আসা পাথরের ট্রাকে মিলল মর্টার শেল


সমর আলী নামে স্থানীয় আরেকজন সময় সংবাদকে বলেন, ‘একাত্তরের যুদ্ধের সময় ঘটনাস্থলের আশপাশে অনেকগুলো মর্টার শেল পড়ে ফুটেছিল। তখন আমি দেখেছিলাম। হয়তো সে সময় এটা মাটিতে পড়ে আর ফুটেনি। তখন থেকে চাপা পড়ে ছিল।’


এ বিষয়ে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম সময় সংবাদকে বলেন, ‘আসলে বস্তুটি মর্টার শেল সদৃশ। তবে আমরা এখনো বিস্তারিত বলতে পারছি না। তবে ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময়কার এটি। আমরা এটিকে সংরক্ষণ করবো। বস্তুটি নিষ্ক্রিয় করতে ইতোমধ্যে সেনাবাহিনীর বোম্ব ডিস্পোজাল ইউনিটকে খবর দেয়া হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন