নড়াইলে জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

২ সপ্তাহ আগে
নড়াইলের কালিয়ায় জমির সীমানা নিয়ে দ্বন্দ্বে ইছুব আলী (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ চাচাতো ভাইদের বিরুদ্ধে। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বেলেডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইছুব আলী কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের মনিরুজ্জামান মোল্যার ছেলে। পেশায় তিনি একজন কৃষক ছিলেন।


পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে ইছুবদের পরিবারের সঙ্গে তার চাচাতো ভাই আতাউর মোল্যা, শহিদ মোল্যাদের মধ্যে বিরোধ চলে আসছিলো। স্থানীয় পর্যায়ে একাধিকবার মীমাংসার চেষ্টা হলেও উভয় পক্ষের মধ্যে কোনো সন্তোষজনক সুরাহা না হওয়ায় কয়েক দফায় মারামারির ঘটনা ঘটে।


আরও পড়ুন: গোপালগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, মাকে বাঁচাতে গিয়ে ছেলেও আহত


সোমবার সকালে ইছুব ও তার ভাই হযরত জমিতে সেচ দিতে গেলে প্রতিপক্ষ চাচাতো ভাই আতাউরদের সঙ্গে তর্ক শুরু হয়। পরে আতাউর, শহিদুল, বাবরসহ ৭-৮ জন মিলে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে ইছুবকে। স্থানীয়রা তাকে উদ্ধার করে তেরোখাদা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ ঘটনায় ইছুবের পক্ষের আশরাফুল মুন্সী,  তাহাবুর মুন্সী ও ফিরোজ মুন্সী নামের আরও তিনজন গুরুতর আহত হন। তারা খুলনা মেডিকেলে  চিকিৎসাধীন রয়েছেন।


আরও পড়ুন: কিশোরগঞ্জে বিরোধ মীমাংসার কথা বলে ডেকে এনে খালাতো ভাইকে কুপিয়ে হত্যা


নিহতের স্বজনরা হত্যার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তবে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার(কালিয়া সার্কেল) রবিন হালদার বলেন, ‘আমরা প্রাথমিক ভাবে জানতে পেরেছি, জমি নিয়ে বিরোধের জেরে বেশ কয়েকবার স্থানীয় পর্যায়ে উভয়পক্ষকে নিয়ে মীমাংসা চেষ্টা করেছেন। দুই দিন আগেও মারামারির ঘটনা ঘটেছে। আজ সকালে দুই পক্ষের মারামারির ঘটনায় ইছুব নিহত হয়েছেন। অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত আছে।’

 

]]>
সম্পূর্ণ পড়ুন