নৌকাসহ ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

৫ দিন আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে দুই ডিঙি নৌকাসহ সাত বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে মাছ শিকার করে ফেরার পথে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

 

অপহৃত জেলেরা হলেন সাবরাং নয়া পাড়ার মৃত লাল মিয়ার ছেলে আবদুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আবদুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

 

বিষয়টি নিশ্চিত করে সাবরাং ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, ‘সকাল ৭টায় নাফ নদীতে মাছ শিকারে যায় জেলেরা। দুপুর ২টার দিকে ফিরে আসার সময় আরাকান বাহিনী তাদের ধরে নিয়ে যায়।’

 

নৌকার মালিক আবদু শুক্কুর বলেন, ‘আমার মালিকানাধীন নৌকা নিয়ে চারজন জেলে নাফ নদীতে মাছ শিকারে গিয়েছিল। ফিরে আসার সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। তারা খুবই গরিব জেলে। দ্রুত তাদের ফেরত আনার দাবি জানাচ্ছি।’

 

আরও পড়ুন: আরাকান আর্মির কাছ থেকে ফিরলেন টেকনাফের ১৪ জেলে

 

ধরে নিয়ে যাওয়া জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বিলাপ করে বলেন, ‘আমার স্বামীসহ জেলেদের ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আমরা খুবই গরিব, মাছ শিকারে গেলে খেতে পারি, নইলে উপোস থাকতে হয়। এখন স্বামী ফেরত না এলে আমাদের না খেয়ে মরতে হবে।’

 

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়ার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।

 

তবে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমামুল হাফিজ বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের ফেরত আনতে কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে কথা হচ্ছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন