নৌকা-ধানের শীষ-লাঙল সব দেখেছেন, এবার দাঁড়িপাল্লাকে দেখেন: এটিএম আজহার

২ সপ্তাহ আগে
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম বলেছেন, গত ৫৪ বছরে নৌকা, ধানের শীষ ও লাঙল সবাইকে দেখেছেন। এবার একবার দাঁড়িপাল্লাকে দেখেন। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সবার আগে দুর্নীতি দূর করবে। এর ফলে দেশের অর্ধেক কাজ হয়ে যাবে।

সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে নীলফামারী কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নীলফামারী-০২ (সদর) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফের সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

পরোক্ষভাবে অন্য রাজনৈতিক দলের ইঙ্গিত করে আজহারুল ইসলাম বলেন, ‘একটি দলের নেতা ১৭ বছর পর দেশে এসে নির্বাচনী সভায় বলছেন আমরা পালাই না। পালিয়ে গিয়ে আবার ফিরে এসে মিথ্যা কথা বলছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন। জনগণ জেগে উঠেছে, তারা এবার জামায়াতকেই সমর্থন দেবে।’

 

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেন, ‘যুবকরা এখন ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনেও তারা ইনসাফের পক্ষে থাকবে এবং দাঁড়িপাল্লাকে নির্বাচিত করবে।’

 

আরও পড়ুন: দিনাজপুর-৬: নির্বাচনী মাঠে মুখোমুখি বিএনপি–জামায়াত, বাড়ছে উত্তাপ

 

তিনি অভিযোগ করে বলেন, ‘একটি দলের গত দেড় বছরে ৫০০ দিনের আমলনামায় দেখা গেছে, তারা নিজেদের অন্তর্কোন্দলে ডাবল সেঞ্চুরি করেছে। ২০০ মানুষ হত্যা হয়েছে। তারা তাদের নিজেদের মধ্যেই নিরাপদ নয়, তাহলে তাদের হাতে দেশ কীভাবে নিরাপদ থাকবে?’ জনগণকে ভুল সিদ্ধান্ত না নেয়ার আহ্বান জানিয়ে সাদিক কায়েম দুর্নীতিমুক্ত দেশ গড়তে এবং ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানান।

 

নীলফামারী পৌর জামায়াতের আমির অধ্যাপক আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারীর সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, জেলা জামায়াতের পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু, জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম ও জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তার প্রমুখ।

 

এর আগে ১৫টি ইউনিয়ন ও শহরের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যোগ দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন