নির্বাচন নিয়ে শঙ্কিত বিএনপি প্রার্থী সরোয়ার

১ মাস আগে
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন বরিশাল সদর (৫) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। ধানের শীষে ভোট না দিতে একটি পক্ষ বিভিন্ন এলাকায় ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে বলে দাবি করেন তিনি।

বুধবার( ১১ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন সাবেক এই সাংসদ।


সরোয়ার বলেন, কিছু অসচ্ছল পরিবারকে অর্থের প্রলোভন দেখিয়ে একটি পক্ষ নিজেদের পক্ষে ভোট টানার চেষ্টা করছে, যা সরাসরি নির্বাচন আচরণবিধির লঙ্ঘন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তার আহ্বান, প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে এবং কোনো ধরনের স্বজনপ্রীতি না করে। পাশাপাশি সাংবাদিকদের প্রতিটি ভোটকেন্দ্রের দিকে সতর্ক দৃষ্টি রাখার অনুরোধ জানান তিনি।


সরোয়ার বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। তাই ১২ ফেব্রুয়ারি আনন্দঘন পরিবেশে সবাইকে ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের অধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি।


আরও পড়ুন: বরিশালে জাতীয় পার্টির নেতার বাড়িতে হামলা ও প্রচারকেন্দ্র ভাঙচুরের অভিযোগ


তিনি বলেন, দীর্ঘ সময় মানুষ ভোট দিতে পারেনি। এবার একটি অবাধ ও উৎসবমুখর নির্বাচন প্রত্যাশা করছি। ভয়-ভীতি ও কোনো ধরনের চাপের ঊর্ধ্বে থেকে প্রত্যেকে নিজ দায়িত্বে ভোটাধিকার প্রয়োগ করবেন।


নির্বাচিত হলে বরিশাল শহরকে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত করার প্রতিশ্রুতি দিয়ে সরোয়ার বলেন, আমি নির্বাচিত হতে পারলে বরিশাল হবে শান্তির শহর। কেউ আর চাঁদাবাজি করতে পারবে না।


সংবাদ সম্মেলনে বিএনপি প্রার্থী আরও বলেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। গত ১৭ বছরে তার ওপর বহু অন্যায়-অবিচার করা হয়েছে। বিএনপি ক্ষমতায় এলেই দেশের প্রকৃত উন্নয়ন হয়, মানুষের কল্যাণ হয়।


তিনি দাবি করেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে। একই সঙ্গে তিনি অভিযোগ করে বলেন, প্রশাসনের মধ্যে এখনও প্রয়োজনীয় সংস্কার হয়নি, অনেক ক্ষেত্রেই তারা নিরপেক্ষ ভূমিকা পালন করছে না।


আরও পড়ুন: পাথরঘাটায় ছাত্রদল নেতার মোটরসাইকেলে অগ্নিসংযোগ


পৃথক বক্তব্যে সরোয়ার আরও বলেন, বরিশাল-৫ আসনের কয়েকটি ভোটকেন্দ্রকে তিনি বেশ ঝুঁকিপূর্ণ মনে করছেন। বিশেষ করে চরমোনাই ও শায়েস্তাবাদ এলাকার কেন্দ্রগুলোতে সুষ্ঠু ভোটগ্রহণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়া বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে এক প্রার্থীর পক্ষে বিভিন্ন পরিবারকে টাকা দেওয়ার অভিযোগও করেন তিনি। এ ব্যাপারে রিটার্নিং অফিসারসহ প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেন বিএনপির এই প্রার্থী।


সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) বিলকিস জাহান শিরিন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, এবায়েদুল হক চাঁন, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বিএনপি নেতা আলী হায়দার বাবুল, নুরুল আলম ফরিদ, আতাহারুল ইসলাম চৌধুরী বাবুল, সৈয়দ আকবর, আনোয়ারুল হক তারিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

]]>
সম্পূর্ণ পড়ুন