নারায়ণগঞ্জে সরকারি রাস্তা কাটায় পোশাক কারখানাকে জরিমানা

১ দিন আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সরকারি রাস্তা কেটে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ‘আবির ফ্যাশন’ নামের একটি পোশাক কারখানাকে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এই অর্থদণ্ড প্রদান করেন।

সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা কোনো অনুমতি ছাড়াই নিজেদের প্রয়োজনে কেটে গর্ত করে ফেলে আবির ফ্যাশন কর্তৃপক্ষ। এতে ওই এলাকায় তীব্র যানজট ও সাধারণ মানুষের চলাচলে চরম বিঘ্ন ঘটে। স্থানীয়দের কাছ থেকে সুনির্দিষ্ট অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছান ইউএনও।


তদন্তে ঘটনার সত্যতা মেলায় এবং প্রতিষ্ঠানটি অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের জনস্বার্থবিরোধী কাজ না করার জন্য কারখানা কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।


আরও পড়ুন: রূপগঞ্জে ভেজাল ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা


ইউএনও বলেন, জনস্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জেলা প্রশাসনের এই কঠোর অবস্থান বজায় থাকবে। জনদুর্ভোগ সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।


অভিযান শেষে ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত মেরামতের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

]]>
সম্পূর্ণ পড়ুন