শুক্রবার (১৩ মার্চ ) দুপুরে সদর উপজেলার ফতুল্লা থানাধিন পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
নিরাপত্তা ব্যবস্থা না রেখে সম্পূর্ণ অরক্কিত অবস্থায় ভবনটির নির্মাণ কাজ করায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের।
নিহত শিশু মুনতাসির ইসলাম হামজা ওরফে ইয়াছিন ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজনগর এলাকার মো. রুবেলের ছেলে। পেশাগত কাজের সুবিধার্থে বাবা রুবেল কুমিল্লায় থাকলেও ইয়াছিনসহ পরিবারের সদস্যরা ফতুল্লার পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় ডাক্তার মুল্লিকের ভাড়া বাসায় বসবাস করেন। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে শিশুটির মা সেখানে থাকেন।
স্থানীয়রা জানান, পূর্ব ইসদাইর বুড়ির দোকান এলাকায় মো. মিজানুর রহমানের মালিকানাধীন জায়গায় নির্মাণাধীন একটি ভবনের পাইলিংয়ের কাজ চলছে। শুক্রবার দুপুরে পায়লিংয়ের একটি ভারী পাইপ ভেঙে সেখানে থাকা শিশু ইয়াছিনের ওপর পড়ে। পাইপের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশু ইয়াছিনকে স্থানীয়রা উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ফতুল্লা মডেল থানা পুলিশ শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে শিক্ষকের বাসা থেকে চুরি হওয়া বিপুল স্বর্ণালংকার উদ্ধার, গ্রেফতার ২
স্থানীয়দের অভিযোগ, ভবনটির নির্মাণ কাজে পথচারীদের চলাচলে নিরাপত্তার কোনো ব্যবস্থা রাখা হয় নি। বিধিনিষেধ অমান্য করে সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় ও ঝুঁকিপূর্ণভাবে ভবনটির নির্মাণ কাজ করা হচ্ছে। যার ফলে এ দুর্ঘটনাটি ঘটেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইয়াছিন পাশের একটি দোকানে রুটি কিনতে যাওয়ার সময় হঠাৎ করে নির্মাণাধীন ভবনটির পাইলিং মেশিনের পাইপ ভেঙে তার ওপর পড়ে। এসময় ইয়াছিন পাইপের নিচে চাপা পড়ে।
এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মো. হাছিনুজ্জামান জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তার বাবা পেশাগত কাজে জেলার বাইরে আছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·