নারায়ণগঞ্জে নিম্নমানের স্বাস্থ্যসেবা ও অনিয়মের অভিযোগে দুটি ক্লিনিককে ৫ লাখ টাকা জরিমানা

৬ দিন আগে
নিম্নমানের স্বাস্থ্যসেবা প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে নারায়ণগঞ্জ শহরের দুটি বেসরকারি ক্লিনিককে ৫ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে সোমবার (৬ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত শহরের নবাব সলিমুল্লাহ রোডে অবস্থিত মেডিস্টার জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনোস্টিক এবং বি বি রোডে পলি ক্লিনিকে এই অভিযান পরিচালিত হয়।


জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনগণের স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। শুরুতেই নবাব সলিমুল্লাহ রোডে অবস্থিত মেডিস্টার জেনারেল হাসপাতাল ও রেনেসা ল্যাবে গিয়ে দেখা যায় সেখানে সেবার মূল্য তালিকা যথাযথভাবে নেই এবং নির্ধারিত রেটের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে। আরও ভয়াবহ তথ্য বেরিয়ে আসে যখন দেখা যায় ওটি এবং পোস্ট ওটি রুমে কোনো প্রোটোকল মানা হচ্ছে না এবং প্রোপার স্টেরিলাইজেশনের অভাবও রয়েছে। এছাড়া ল্যাব টেকনিশিয়ান ও নার্সদের যোগ্যতার প্রমাণ দেখাতে ব্যর্থ হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেডিস্টার জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষকে ৩ লাখ টাকা জরিমানা ধার্য করে আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


আরও পড়ুন: অননুমোদিত বা মানহীন কোনো ক্লিনিক চলতে দেয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী


পরে বি বি রোডে অবস্থিত পলি ক্লিনিক এন্ড ডায়াগনোস্টিক সেন্টারে অভিযান চালিয়ে দেখা যায় সেখানে বৈধ লাইসেন্স নেই এবং কোনো প্যাথোলজিস্ট ছাড়াই সাধারণ কর্মচারী দিয়ে স্পর্শকাতর সব প্যাথলজি টেস্ট করানো হচ্ছে। মনগড়া মূল্য নির্ধারণ করে ল্যাব পরিচালনাসহ ভয়াবহ অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটিকে ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম জানান, স্বাস্থ্যখাতে এ ধরনের অনিয়ম রোধে এবং জনগণের চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে। যে কোন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোন ধরনের অনিয়মের অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে।


অভিযানে জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিনিধি মেডিকেল অফিসার ডা. শহীদুল ইসলামসহ র‍্যাব-১১ ব্যাটেলিয়ান ও সদর মডেল থানা পুলিশের আভিযানিক দল সার্বিক সহযোগিতা দেয়।

]]>
সম্পূর্ণ পড়ুন