নারায়ণগঞ্জে দুপক্ষের সংঘর্ষে আহত ৪

২ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের ফতুল্লায় দুপক্ষের সংঘর্ষে চারজন আহত হয়েছেন।

চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত ফতুল্লার পঞ্চবটি গুলশান রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত ইয়াসিন আরাফাত ও আলিফ দেওয়ান গ্রুপের সদস্য। আহতদের মধ্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীও রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ এনসিপির জেলা সংগঠক আলিফ দেওয়ান বলেন, ‘ইয়াসিন আরাফাতের কোনো পদ পদবী নেই। তিনি নির্বাচনের সময় আমাদের সঙ্গে ছিলেন। এখন পঞ্চবটি মোড়ে ফুটপাতে চাঁদাবাজি করেন। এ বিষয়ে প্রতিবাদ করায় আমাদের এনায়েতনগর ইউনিয়ন এনসিপির সংগঠক বিল্পবকে রাস্তা থেকে ধরে নিয়ে ইয়াসিন আরাফাত তাদের রোলিং মিলে নিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে।’


আরও পড়ুন: মাগুরায় দুপক্ষের সংঘর্ষে আহত ৬, বসতবাড়ি ভাঙচুর

 

অভিযোগ অস্বীকার করে ইয়াছিন আরাফাত জানান, তিনি পঞ্চবটি এলাকার এমদেদিয়া রোলিং মিলের মালিক। শনিবার বিকেলে আলিফের নেতৃত্বে সাব্বির, বিপ্লব, সিয়াম, রাসেলসহ একদল সন্ত্রাসী পঞ্চবটি এলাকায় তার মালিকানাধী এমদেদিয়া রোলিং মিলে এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না পেয়ে তাদের প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ চারজনকে মারধর করে আহত করেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবিকৃত চাঁদা না দিলে রোলিং মিল জ্বালিয়ে দেয়ার হুমকি দিয়ে চলে যান। এ বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে।


আরও পড়ুন: বাজার নিয়ন্ত্রণ নিয়ে দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্র ফরিদপুর, আহত ২০


উভয়পক্ষের পাল্টাপাল্টি অভিযোগের বিষয়ে জানতে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন সময় সংবাদকে বলেন, ‘চাঁদাবাজির বিষয় জানি না। তবে দুই গ্রুপের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। এ ঘটনায় আলিফের পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’


তিনি আরও বলেন, ‘আরেক পক্ষ এখনও অভিযোগ দেয়নি। তারা অভিযোগ দেবে বলেছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন