নারায়ণগঞ্জে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, পুড়ে গেল ট্রান্সফরমার

৪ সপ্তাহ আগে
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৩২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে উপকেন্দ্রের একটি ট্রান্সফরমার সম্পূর্ণ পুড়ে গিয়ে উপজেলার বিভিন্ন এলাকা প্রায় তিন ঘণ্টা বিদ্যুৎহীন ছিল।

শুক্রবার (১৩ মার্চ) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মদনগঞ্জ এলাকায় পুলিশ ফাঁড়ি সংলগ্ন পল্লী বিদ্যুতের পিজিসিবি পাওয়ার প্লান্টে এ ঘটনা ঘটে। বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মকর্তাদের ধারণা, আকাশে বজ্রপাতের সময় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

স্থানীয়রা জানান, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় আশপাশের এলাকা আচ্ছন্ন হয়ে পড়ে। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে ফাঁড়ি পুলিশ ও বিদ্যুৎ উপকেন্দ্রের লোকজনের সহায়তায় প্রায় ১৫ মিনিটের মধ্যেই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

 

বিদ্যুৎ উপকেন্দ্রের প্রকৌশলী নূরে আলম জানান, আগুনে ট্রান্সফরমারটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। পরে অন্য গ্রিডের মাধ্যমে বিকল্প উপায়ে রাত পৌনে ১২টার দিকে পুনরায় বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়। পুড়ে যাওয়া ট্রান্সফরমারটি মেরামতের কাজ চলছে বলেও জানান তিনি।

 

আরও পড়ুন: রূপগঞ্জে যুবদল ও আ.লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ

 

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের খবর পেয়ে ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১৫ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণ করে। পুড়ে যাওয়া ট্রান্সফরমারটির মেরামত কাজ চলছে। তবে অন্য গ্রিডের মাধ্যমে রাত পৌনে ১২টার দিকে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে।’

 

বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সঞ্জয় খান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণের পর আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’

 

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, গত এক মাস আগেও উপকেন্দ্রে এমন ঘটনা ঘটেছিল। মূল সংবাদের তথ্য অনুযায়ী, এর আগে গত ১১ ফেব্রুয়ারি সন্ধ্যায়ও যান্ত্রিক ত্রুটির কারণে এই উপকেন্দ্রের ওপেন ইয়ার্ডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল।

]]>
সম্পূর্ণ পড়ুন