সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় বন্দর উপজেলার সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকায় সদর মডেল থানা পুলিশের আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক মিশাল নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পানির ট্যাংকি এলাকার বাসিন্দা।
রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী।
তিনি বলেন, ‘পুলিশ কর্মকর্তা লুৎফর রহমানের ওপর অতর্কিত হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার ঘটনার পরপরই জড়িতদের গ্রেফতারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা। স্বল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলের ভিডিও ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করে অস্ত্র ছিনতাইকারীদের শনাক্ত করা হয়।’
এই কর্মকর্তা আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোনাকান্দা ব্যাপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মিশালকে আটক করে সদর থানা পুলিশ। তবে লুট হওয়া অস্ত্রটি এখনও উদ্ধার হয়নি। অস্ত্রটি উদ্ধারে নানাভাবে চেষ্টার পাশাপাশি অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৭
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মিশাল স্বীকার করেছে, পুলিশ কর্মকর্তার অস্ত্র ছিনতাইয়ের ঘটনায় সেসহ মোট তিনজন জড়িত ছিল। ছিনতাইয়ের সময় তার সঙ্গে থাকা অপর দুইজনের কাছে অস্ত্রটি রয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী অস্ত্রটি উদ্ধার এবং অপর দুইজনকে গ্রেফতারে অভিযান চলছে।
এর আগে, সোমবার (৯ মার্চ) ভোর ছয়টায় সদর থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান ইউনিফর্ম পরিহিত অবস্থায় মোটরসাইকেলে টহলের দায়িত্ব পালন করছিলেন। শহরের নিতাইগঞ্জ এলাকায় সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে পৌঁছালে আরেকটি মোটরসাইকেলে থাকা তিন দুর্বৃত্ত অতর্কিতভাবে তার পথরোধ করে। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে আঘাতের চেষ্টা করে।
এসআই লুৎফর রহমান আত্মরক্ষার চেষ্টা করলে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাত তার শরীরে না লেগে মোটরসাইকেলে লাগে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়। এ সময় কৌশলে হামলাকারীদের আঘাত থেকে প্রাণে রক্ষা পান তিনি। একপর্যায়ে দুর্বৃত্তরা তার সঙ্গে থাকা সরকারি পিস্তলটি ছিনতাই করে নিয়ে যায়।
ঘটনার পরপরই বিষয়টি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হলে গোয়েন্দা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে অভিযান শুরু করে এবং সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্তের কাজ এগিয়ে নেয়।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·