নাজিরপুরে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে নিহত ১

৫ দিন আগে
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ডাকাতি করার সময় গণপিটুনিতে দুলাল (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুলালের বাড়ি বরিশালের হিজলা উপজেলায়। পুলিশের দাবি, নিহত ওই ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টি মামলা রয়েছে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত মধ্যরাতে ৮ সদস্যের একটি ডাকাত দল কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা নাজমুল হাসানের বাড়ির দ্বিতীয় তলার দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাটের চেষ্টা চালায়। একপর্যায়ে ডাকাত দুলাল ধারালো অস্ত্র দিয়ে গৃহকর্তা নাজমুলকে আঘাত করলে তিনি পাল্টা প্রতিরোধের চেষ্টা করেন। এতে নাজমুল ও তাঁর ছেলে গুরুতর জখম হন।


ঘটনার সময় নাজমুলের স্ত্রীর চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা দ্রুত লাঠিসোঁটা নিয়ে বাড়িটি ঘিরে ফেলেন। বিপদ টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যেতে সক্ষম হলেও দুলালকে ধরে ফেলে জনতা। এসময় উত্তেজিত জনতার গণপিটুনিতে ঘটনাস্থলেই দুলাল মারা যান।


আরও পড়ুন: গভীর রাতে আসামির স্ত্রীর সঙ্গে ‘অন্তরঙ্গ মুহূর্ত’ পুলিশ কর্মকর্তার, গণপিটুনি


নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, 'নিহত দুলালের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ ১৫টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ডাকাত দলের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।'


ওসি আরও জানান, ডাকাতদের হামলায় গুরুতর জখম হওয়া গৃহকর্তা নাজমুল হাসান ও তার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ নিহত দুলালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন