নরসিংদীতে কলেজে ঢুকে অধ্যক্ষকে লাঞ্ছিত

৫ দিন আগে
নরসিংদীর রায়পুরা উপজেলার সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। রোববার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে কলেজ চলাকালীন একদল বহিরাগত লোক ক্যাম্পাসে ঢুকে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

অধ্যক্ষ নূর সাখাওয়াত হোসেনের অভিযোগ, সকালে তিনি নিজ দফতরে দাফতরিক কাজ করছিলেন। এ সময় চিহ্নিত একদল বহিরাগত সন্ত্রাসী অতর্কিতভাবে তার কক্ষে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। একপর্যায়ে সন্ত্রাসীরা তার ওপর হামলা চালায় এবং তাকে টেনেহিঁচড়ে কক্ষের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে।


এ সময় কলেজের অন্য শিক্ষক ও কর্মচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে ক্যাম্পাস ত্যাগ করে। এ ঘটনায় রায়পুরা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান অধ্যক্ষ।


কলেজ সূত্রে জানা গেছে, এর আগেও এই চিহ্নিত সন্ত্রাসী চক্রটি কলেজের শিক্ষক ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলাসহ একাধিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। প্রতিবারই প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও সন্ত্রাসীরা ফের সক্রিয় হয়ে ওঠে।


আরও পড়ুন: পঞ্চগড়ে জমি বর্গা না পেয়ে অধ্যক্ষের বাড়িতে ডাকাতি, গ্রেফতার ৬


রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনার খবর পেয়ে কলেজে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন