শনিবার (১১ এপ্রিল) দুপুরে তাদেরকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটস্থ বাঁকখালী নদীতে ‘দ্বীপ বালিকা’ তরীতে দেখা যায়। তবে তাদের নিরাপত্তা ও সবধরনের সহযোগিতা দিচ্ছে এবং দেশে ফেরার ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে কোস্টগার্ড।
কোস্টগার্ড জানায়-নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনি তার পরিবারের ৪ সদস্যসহ বিশ্বভ্রমণের উদ্দেশ্যে ২০২৪ সালে টুরিস্ট ভিসায় বাংলাদেশে আসেন। নিজস্ব পরিকল্পনার অংশ হিসেবে তারা একটি কাঠের ট্রলারের মাধ্যমে সমুদ্রপথে বিশ্বভ্রমণের উদ্যোগ নেন। বিষয়টি বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ কোস্টগার্ড নিরাপত্তাজনিত ঝুঁকি পর্যালোচনা করে তাদের এ ধরনের সমুদ্রযাত্রা থেকে নিরুৎসাহিত করে।
এছাড়া গত ১ মার্চ তাদের প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনাও দেয়া হয়। একইসঙ্গে, তাদের পাসপোর্ট পর্যালোচনায় দেখা যায় যে, ২০২৬ সালের ১৬ জানুয়ারি তাদের পাসপোর্টের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কর্তৃপক্ষের এসব নির্দেশনা উপেক্ষা করেই তারা মহেশখালীর সোনাদিয়া চরে ট্রলারসহ অবস্থান করছিলেন।
গত বুধবার (০৮ এপ্রিল) রাতে অতর্কিত হামলার বিষয়টি অবহিত হওয়ার পরপরই কোস্টগার্ডের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। অভিযানে নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনিসহ তার পরিবারের সদস্যদের জীবিত উদ্ধার করা হয়। পাশাপাশি ঘটনাস্থল সংলগ্ন এলাকায় তল্লাশি চালিয়ে লুট হওয়া অধিকাংশ মালামাল উদ্ধার করে তাদের কাছে হস্তান্তর করা হয়।
আরও পড়ুন: সাগরপথে রঙিন স্বপ্ন, বাস্তবে মুক্তিপণের শিকলে বন্দি রোহিঙ্গা তরুণরা
এদিকে শনিবার সরজমিনে দেখা যায়- নিউজিল্যান্ডের নাগরিক জন এডওয়ার্ড পুডনি পরিবারসহ কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএ ঘাটস্থ বাঁকখালী নদীতে কোস্টগার্ড স্টেশনের সামনে ‘দ্বীপ বালিকা’ তরীতে অবস্থান করছেন। তারা ‘দ্বীপ বালিকা’ তরীতে নিরাপদে রয়েছেন। কোস্টগার্ড তাদের নিরাপত্তা ও সবধরনের সহযোগিতা দিচ্ছে।
এব্যাপারে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের লে. কমান্ডার আরাফাত হোসেন বলেন, নিউজিল্যান্ডের চার নাগরিক বর্তমানে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে নিরাপদে রয়েছেন। তাদের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে নিয়মিত সমন্বয় ও আলোচনা চলছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর তাদের নিজ দেশে নিরাপদে ফেরত পাঠাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বর্তমানে তারা কক্সবাজার কোস্ট গার্ড স্টেশনে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে অবস্থান করছেন। তাদের ব্যক্তিগত মালামালের একটি অংশ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে এবং বাকি মালামাল সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। উদ্ধার হওয়া সামগ্রী দ্রুত তাদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, এ ঘটনায় নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া গেলে সঙ্গে সঙ্গে অভিযান পরিচালনা করা হবে এবং প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে কোস্টগার্ড।

১ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·