রোববার (১২ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় সপ্তম অবস্থানে রয়েছে বাংলাদেশের ঢাকা। তবে গতকাল ছিল শীর্ষে। আজ শহরটির বায়ুমানের স্কোর ১৫৮ আর গতকাল ছিল ১৮৬। বায়ুমানের দুটি স্কোরই ঢাকাবাসীর জন্য ‘অস্বাস্থ্যকর’ হলেও গতকালের তুলনায় শহরটিতে দূষণের মাত্রা কিছুটা কমেছে।
তৃতীয় অবস্থানে থাকা ভারতের দিল্লির স্কোর ১৯৯। দেশটির আরেকটি শহর কলকাতা ১৫৩ স্কোর নিয়ে নবম অস্থানে রয়েছে। বায়ুমানের দুটি স্কোরই শহরগুলোর বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর। তবে তালিকার ১৩তম অবস্থানে থাকা ভারতের মুম্বাইয়ের বাতাস কিছুটা ভালো হলেও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এদিকে, গত শনিবার একই সময় তালিকার ২২ ও ২৩ তম অবস্থানে করাচি ও লাহোরের অবস্থান আজ যথাক্রমে চতুর্থ ও দশম। শহর দুটির বায়ুমানের স্কোর যথাক্রমে ১৭২ ও ১৫১। এই স্কোর শহরগুলোর বাসিন্দাদের জন্য অস্বাস্থ্যকর।
আরও পড়ুন: ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা নিয়ে যে বার্তা
তালিকার শীর্ষে থাকা সৌদি আরবের রিয়াদের স্কোর ২৩১। যা খুব অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত। আর ২০৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকা থাইল্যান্ডের চিয়াং মাই’র বাতাসে দূষণের মাত্রা কিছুটা কম হলেও বায়ুমানের স্কোর খুব অস্বাস্থ্যকর।
এছাড়া ১৭২ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে নেপালের কাঠমান্ডু, ১৬৫ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ভিয়েতনামের হেনোই এবং ১৫৩ স্কোর নিয়ে অষ্টম অবস্থানে সেনেগালের ডাকার বাতাসও অস্বাস্থ্যকর রয়েছে।
একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।
২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
]]>
১৮ ঘন্টা আগে
১








Bengali (BD) ·
English (US) ·