দল সংগঠনের চেয়ে বড় নয়–বাংলাদেশ ও পাকিস্তানকে ইঙ্গিত জয় শাহ’র

৪ সপ্তাহ আগে
দিনকয়েক আগে শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই একের পর এক বিতর্কের জন্ম দিয়েছিল। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে বাংলাদেশ নিজেদের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেয়ার জন্য আইসিসির কাছে আবেদন জানিয়েছিল। তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান জানালে পাকিস্তান প্রথমে বিশ্বকাপ এবং পরে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে আসলেও আইসিসিকে ব্যাপক কাটখড় পোড়াতে হয়েছে। তবে এই দীর্ঘ সময়ে নীরব থাকতে দেখা গেছে আইসিসির ভারতীয় চেয়ারম্যান জয় শাহকে।

অবশেষে জয় শাহ সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নীরবতা ভেঙেছেন। টুর্নামেন্ট শুরুর আগে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সে প্রসঙ্গেই তিনি স্পষ্টভাবে বলেছেন—কোনো দলই সংগঠনের চেয়ে বড় নয়


আইসিসির চেয়ারম্যান জয় শাহ বলেন, এই আইসিসি বিশ্বকাপটি খুবই গুরুত্বপূর্ণ ছিল, কারণ টুর্নামেন্ট শুরুর আগে অনেক আলোচনা হচ্ছিল, কিছু দল আদৌ অংশ নেবে কি না এবং বিশ্বকাপ কীভাবে এগোবে তা নিয়ে। আইসিসির চেয়ারম্যান হিসেবে আমি বলতে পারি, কোনো দল সংগঠনের চেয়ে বড় নয় এবং কোনো একক দল একটি সংগঠনকে তৈরি করে না। একটি সংগঠন গড়ে ওঠে সব দলের সমন্বয়ে।


তিনি কোনো দলের নাম উল্লেখ না করলেও বুঝতে বাকি নেই এই বক্তব্য বাংলাদেশ ও পাকিস্তানকে ইঙ্গিত করেই দিয়েছেন তিনি।

 

আরও পড়ুন: মোস্তাফিজের বদলি হিসেবে কলকাতায় যোগ দেয়া মুজারাবানির বিরুদ্ধে ব্যবস্থা নেবে পিসিবি


দীর্ঘ আলোচনা-সমঝোতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়, আর পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কট করার হুমকি দিয়েছিল।


শাহ আরও বলেন, এই বিশ্বকাপ সব ভিউয়ারশিপ রেকর্ড ভেঙে দিয়েছে। ইতিহাসে প্রথমবার আমরা ৭.২ মিলিয়ন দর্শক একসঙ্গে পেয়েছি। মোট দর্শকসংখ্যার সব রেকর্ডই ভেঙেছে। যদি খেলার দিকে দেখেন ইউএসএ ভারতকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছে, নেদারল্যান্ডস পাকিস্তানকে সমস্যায় ফেলেছে, জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং নেপাল ইংল্যান্ডকে ভয় পাইয়ে দিয়েছে। আমি সব অ্যাসোসিয়েট দলকে অভিনন্দন জানাই, তারা পূর্ণ সদস্যদের বিপক্ষে খুব ভালো খেলেছে।


শনিবার (১৪ মার্চ) মুম্বাইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সেখানে উপস্থিত ছিলেন ভারতের টি–টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক সূর্যকুমার যাদব এবং কোচ গৌতম গম্ভীর।

 

শাহ তাদের ভবিষ্যতের পরিকল্পনা করারও পরামর্শ দেন। তিনি বলেন, সূর্য এবং গৌতম ভাইয়ের জন্য আমার একটি বার্তা আছে, শীর্ষে থেকে নিচে নামতে কয়েক মাসই যথেষ্ট, কিন্তু নিচ থেকে শীর্ষে উঠতে লাগে বছরের পর বছর। কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং জয় ধরে রাখুন।

 

আরও পড়ুন: নারীদের নতুন টুর্নামেন্টের ঘোষণা দিলো বিসিবি


তিনি আরও বলেন, আমি যখন বিসিসিআই'তে ছিলাম, তখন ২০২৮ অলিম্পিক পর্যন্ত পরিকল্পনা করেছিলাম। এখন আমি আইসিসিতে আছি, আর বিসিসিআইয়ের দায়িত্বে অন্যরা আছে। আপনাদের সবাইকে ২০৩০, ২০৩১ এমনকি ২০৩৬ সালের জন্যও প্রস্তুতি নিতে হবে।


উল্লেখ্য, জয় শাহ অক্টোবর ২০১৯ থেকে ডিসেম্বর ২০২৪ পর্যন্ত বিসিসিআইয়ের সেক্রেটারি ছিলেন এবং পরে আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। তার সময়ে ভারত দুটি অনূর্ধ্ব–১৯ পুরুষ বিশ্বকাপ, দুটি অনূর্ধ্ব–১৯ নারী বিশ্বকাপ জিতেছে। এছাড়া দলটি দুইবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ হয়েছে, একবার ওয়ানডে বিশ্বকাপে রানার্স-আপ হয়েছে, দুটি টি–টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছে, পাশাপাশি মহাদেশীয় পর্যায়েও একাধিক শিরোপা অর্জন করেছে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন