শনিবার (১৪ মার্চ) সংগঠনটির কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে মনির সরদারকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল জেলা শাখার অধীনস্থ উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রম সচল রাখতে উক্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
কেন্দ্রীয় দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সিদ্ধান্তটি অবিলম্বে কার্যকর করা হবে।
এরইমধ্যে চাঁদাবাজির অভিযোগে মনির সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গেছে, বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের বিভিন্ন এলাকায় ড্রেজার দিয়ে বালু ভরাটের কাজ করা ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম তার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ করেন।
অভিযোগে বলা হয়, মনির সরদার প্রথমে ওই ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে চাপের মুখে প্রথমে নগদ ৫০ হাজার টাকা এবং পরে বিকাশের মাধ্যমে ১০ হাজার টাকা দেওয়া হয়। এরপরও বাকি চাঁদার টাকা দাবিতে চাপ দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ক্লিন ঢাকা বাস্তবায়নে শহরকে ঢেলে সাজানো হচ্ছে: ডিএসসিসি প্রশাসক
অভিযোগে আরও বলা হয়, গত ১৩ মার্চ মনির সরদারের নেতৃত্বে কয়েকজন সহযোগী ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলামের শ্রমিক আবু বক্করকে তুলে নিয়ে হাতুড়ি দিয়ে মারধর করেন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় মনির সরদার ও তার সহযোগী দীন ইসলামের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ করা হয় উজিরপুর মডেল থানায়।
বরিশাল উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল ইসলাম জানান, অভিযোগের ভিত্তিতে শনিবার বিকেলে মনির সরদারকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন থাকায় এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করতে তিনি রাজি হননি।
এর আগে গত ফেব্রুয়ারি মাসে সেনাবাহিনীর হাতে আটক হয়েছিলেন ছাত্রদল নেতা মনির সরদার। কয়েকদিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি হন।

৪ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·