দক্ষিণ ইয়েমেনে সরকারি ভবন উড়িয়ে দেয়ার চেষ্টা, বহু হতাহত

১ মাস আগে
দক্ষিণ ইয়েমেনে আবারও সংঘাতের ঘটনা ঘটেছে। বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) সঙ্গে সংশ্লিষ্ট যোদ্ধারা আতাক শহরের একটি স্থানীয় সরকারি ভবন উড়িয়ে দেয়ার চেষ্টা করেছে। এতে বেশ কয়েকজন নিহত আরও কয়েক ডজন আহত হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ ও সূত্রের বরাতে এ খবর জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদন মতে, আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) এই হামলার ঘটনা ঘটেছে। এ সময় এসটিসি সংশ্লিষ্ট সশস্ত্র যোদ্ধারা নিরাপত্তা ও সামরিক কর্মীদের ওপর আক্রমণ করে এবং গুলি চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বাহিনী হস্তক্ষেপ করলে হতাহতের ঘটনা ঘটে।

 

সংঘাত ও দারিদ্র্যে জর্জরিত দেশটিতে সহিংসতার সর্বশেষ ঘটনা এটা। দক্ষিণ ইয়েমেনে অবস্থিত শাবওয়া জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের উপপ্রধান রামি লামলাস আল জাজিরাকে জানান, এসটিসি–সমর্থিত বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা ও সামরিক বাহিনী অভিযান চালালে পাঁচজন নিহত এবং ৩৯ জন আহত হন।

 

স্থানীয় সূত্র জানায়, এসটিসির সমর্থকেরা আতাক শহরে একটি মিছিল বের করেন। পরে তারা স্থানীয় সরকারি ভবনের দিকে এগিয়ে গিয়ে সেটি দখলের চেষ্টা করেন এবং জাতীয় পতাকা নামিয়ে ফেলার উদ্যোগ নেন।

 

আরও পড়ুন: ইয়েমেনে আমিরাতের গোপন কারাগারের সন্ধান!

 

সৌদি আরব–সমর্থিত প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল (পিএলসি) নতুন মন্ত্রিসভা ঘোষণার কয়েক দিনের মধ্যেই এই ঘটনা ঘটল। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের নির্বাহী সংস্থা পিএলসি দেশটির বিভক্ত পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক প্রতিনিধিত্ব রেখে নতুন মন্ত্রিসভা গঠন করে।

 

গত মাসে সৌদি আরবের সমর্থনে পিএলসি দক্ষিণ ইয়েমেনে নিজেদের নিয়ন্ত্রণ জোরালো করে। এর আগে এসটিসি দুটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ দখলের চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। এর ফলে তাদের কাঠামো ভেঙে যায় এবং সংগঠনটি বিলুপ্ত হয়।

 

একই সঙ্গে এসটিসিকে সমর্থন দেয়া সংযুক্ত আরব আমিরাতের বাহিনীও দক্ষিণ ইয়েমেন থেকে সরে যায়। সবশেষ সংঘাতের ঘটনায় শাবওয়ার নিরাপত্তা কমিটি জানিয়েছে, যারা উসকানি দেয়া, হামলার পরিকল্পনা করা বা অস্ত্র ব্যবহার করার সঙ্গে জড়িত বলে প্রমাণিত হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। 

 

আরও পড়ুন: ইয়েমেনের প্রধানমন্ত্রীর পদত্যাগ, দায়িত্ব পেলেন মোহসেন জিন্দানি

]]>
সম্পূর্ণ পড়ুন