তেহরান ‘প্রকাশ্য হুংকার’ দিলেও আলোচনা ভালোই এগোচ্ছে: হোয়াইট হাউস

২ সপ্তাহ আগে
ইরান জনসমক্ষে কঠোর অবস্থান বা ‘হুংকার’ দিলেও পর্দার আড়ালে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের আলোচনা বেশ ইতিবাচকভাবে এগোচ্ছে বলে দাবি করেছে হোয়াইট হাউস।

মঙ্গলবার (৩১ মার্চ) ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই চাঞ্চল্যকর তথ্য জানান।
 

ক্যারোলিন লেভিট বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা প্রশমনে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক যোগাযোগ কেবল অব্যাহতই নেই, বরং তা ‘ভালোভাবেই এগোচ্ছে’। ইরান সরকার জনসমক্ষে যেসব রাজনৈতিক অবস্থান বা বক্তব্য দিচ্ছে, তার ওপর ভিত্তি করে প্রকৃত অবস্থা বিচার করা ভুল হবে।


প্রেস সেক্রেটারি আরও বলেন, ‘ইরানি শাসনের পক্ষ থেকে আপনারা যেসব প্রকাশ্য ভঙ্গি দেখছেন বা যেসব ভুল খবর ছড়ানো হচ্ছে, তার বাইরেও আমাদের মধ্যে আলোচনা চলছে এবং তা ফলপ্রসূ হচ্ছে। জনসমক্ষে তারা যা বলছে, আমাদের কাছে গোপনে পাঠানো বার্তা তার চেয়ে একেবারেই আলাদা।’
 

আরও পড়ুন: দ্রুত একটি চুক্তি না হলে ইরানের বিদ্যুৎকেন্দ্র ‘উড়িয়ে দেয়া’ হবে: ট্রাম্প


লেভিট উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানে স্থলসেনা মোতায়েনের সম্ভাবনাকে একেবারে উড়িয়ে না দিলেও, ‘কূটনীতি’ এখনও তার প্রথম পছন্দ হিসেবে বহাল রয়েছে।


সংবাদ সম্মেলনে লেভিট ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ইরানের ১১ হাজারেরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এ ছাড়া ইরানি নৌবাহিনীকেও প্রায় পঙ্গু করে দেয়া হয়েছে। এবং এ পর্যন্ত ইরানের ১৫০টিরও বেশি জাহাজ ধ্বংস করা হয়েছে।


আলোচনা ইতিবাচক বললেও তেহরানকে কঠোর সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করার এই বর্তমান ‘সুযোগ’ প্রত্যাখ্যান করে, তবে তাদের চরম মূল্য দিতে হবে।


লেভিট বলেন, চুক্তি না হলে ইরানকে স্তব্ধ করে দিতে সামরিক বাহিনীকে পূর্ণ ব্যবহারের নির্দেশ দিতে ট্রাম্প দ্বিধা করবেন না।

]]>
সম্পূর্ণ পড়ুন