তেল কম দেয়ায় পাম্প ম্যানেজারকে ছুরিকাঘাত

৫ দিন আগে
রাজশাহীতে ‘বিসমিল্লাহ ফিলিং স্টেশনে’র ম্যানেজার পনব কুমারকে (৪৫) অতর্কিত ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ এপ্রিল) দিনগত রাত আনুমানিক ১টার দিকে ফিলিং স্টেশনটিতে এ হামলার ঘটনা ঘটে।

আহত ম্যানেজারের চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চোকগচোর গ্রামের কার্তিক চন্দ্র ঘোষের ছেলে। তিনি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন। আর হামলাকারী বেলপুকুরিয়া ইউনিয়নের ক্ষুদ্র জামিরা গ্রামের আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ সাইদুর রহমান (৩৫)।


ভুক্তভোগী পনব কুমার সাংবাদিকদের জানান, গত ১০ এপ্রিল রাতে অভিযুক্ত সাইদুর রহমান ফিলিং স্টেশনে এসে প্রায় ২০০ লিটার তেল দাবি করেন। সে সময় দায়িত্বরত অন্য এক ম্যানেজার রুবেল এত পরিমাণ তেল দিতে অস্বীকৃতি জানালে সাইদুর মালিকের দোহাই দিয়ে অনুনয়-বিনয় করে প্রায় ১৫০ লিটার তেল নিয়ে যান। এনিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর শনিবার (১১ এপ্রিল) রাতে পনব কুমার ফিলিং স্টেশনের সামনে অবস্থানকালে সাইদুর আকস্মিক তার ওপর অতর্কিত হামলা চালান এবং ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।


আরও পড়ুন: রাজশাহীতে ‘ফুয়েল ম্যানেজমেন্ট’ অ্যাপের মাধ্যমে জ্বালানি সরবরাহ শুরু

এ বিষয়ে বিসমিল্লাহ ফিলিং স্টেশনের মালিক মোহাম্মদ শাহজাহান বলেন, ‘সাইদুর রহমান কয়েকদিন আগে রাস্তার কাজের কথা বলে আমার কাছে ২০০ লিটার তেল চেয়েছিলেন। তাকে দেওয়া হয়নি। তিনি কৌশলে ম্যানেজারদের আমার কথা বলে ১৫০ লিটার তেল নিয়ে যান। পরবর্তীতে গত রাতে তিনি আমার ম্যানেজারের ওপর হামলা চালান।’ 


এ বিষয়ে বেলপুকুরিয়া থানার পুলিশ পরিদর্শক মো. সামসুল আলম জানান, বিসমিল্লাহ্ ফিলিং স্টেশন ম্যানেজারের ওপর হামলার ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন। আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন