ডেপুটি স্পিকারের সঙ্গে হাজং সম্প্রদায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

১ সপ্তাহে আগে
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে তার নির্বাচনী এলাকার অন্তর্গত কলমাকান্দা উপজেলার হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১২ সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সাক্ষাতে ডেপুটি স্পিকার প্রতিনিধি দলের সদস্যদের খোঁজখবর নেন এবং আন্তরিক কুশল বিনিময় করেন।

 

এসময় তিনি জানান, তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এলাকার সব শ্রেণি-পেশার মানুষ যাতে জাতীয় সংসদ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা অর্জন করতে পারেন, সে লক্ষ্যে পর্যায়ক্রমে সবাইকে সংসদ ভবন পরিদর্শন এবং সংসদ অধিবেশন অবলোকনের জন্য আমন্ত্রণ জানানো হবে।

 

ডেপুটি স্পিকার বলেন, ‘আজ হাজং সম্প্রদায়ের প্রতিনিধিরা এসেছেন। এর আগে খ্রিস্টান প্রতিনিধি দল এবং ইমাম প্রতিনিধি দল এসেছিল। আমার এলাকার সব সম্প্রদায়ের মানুষ যেন সংসদ সম্পর্কে জানতে পারে, সেটিই আমার লক্ষ্য।’

 

সংসদ ভবনে আসার সুযোগ করে দেয়ায় ডেপুটি স্পিকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে হাজং উপজাতি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রতিনিধি দল। তারা এলাকার পূজামণ্ডপ সংস্কার, বিশুদ্ধ পানির ব্যবস্থা, হাজং শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষিত বেকারদের কর্মসংস্থান, হাজং ভাষা চর্চার সুযোগ এবং ব্রিজ-কালভার্ট ও সড়ক সংস্কারের বিষয়ে ডেপুটি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

 

আরও পড়ুন: হরিজন সম্প্রদায়ের মা হারা মেয়ের বিয়েতে হাজির হয়ে প্রশংসায় ভাসছেন গাজীপুরের ডিসি

 

কায়সার কামাল বলেন, ‘ছোটবেলা থেকেই আমি হাজং সম্প্রদায়কে দেখে আসছি। আপনাদের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ও সম্পর্ক রয়েছে। হাজং সম্প্রদায়ের কল্যাণে যা কিছু প্রয়োজন, তা করার চেষ্টা করবো। আপনাদের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে এবং এটি আমার নৈতিক দায়িত্ব।’

 

তিনি আরও বলেন, ‘মানুষের জন্যই সংসদ। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ—সবাই আমরা বাংলাদেশি। আমি জানি হাজং সম্প্রদায় এখনও অনেক পিছিয়ে রয়েছে। তাই আপনাদের সন্তানদের জন্য বৃত্তির ব্যবস্থা, পাহাড়ি এলাকায় গভীর নলকূপ স্থাপন করে পানির সমস্যা সমাধান, মাতৃভাষা শিক্ষার সুযোগ এবং মন্দিরভিত্তিক শিশুদের ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করা হবে। এসব ক্ষেত্রে আমি নিজস্ব তহবিল থেকেও সম্মানী প্রদানের ব্যবস্থা করবো।’

 

এছাড়া এলাকার ছোট ছোট ব্রিজ, কালভার্ট ও সড়ক নির্মাণ এবং মেরামতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন ডেপুটি স্পিকার।

]]>
সম্পূর্ণ পড়ুন