রোববার (২৬ এপ্রিল) করাচিতে রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ১০৮ রানের বিশাল জয়ে পিএসএলের এবারের আসরের প্লে-অফের টিকিট নিশ্চিত করেছে কিংসমেন হায়দরাবাদ।
এদিন আগে ব্যাট করা হায়দরাবাদ গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২৪৪ রান সংগ্রহ করে। জবাবে হুনাইন শাহ্র বোলিং তোপে ১৭.১ ওভারে ১৩৬ রানেই গুটিয়ে যায় রাওয়ালপিন্ডিজ।
বড় জয়ে হায়দরাবাদ নিট রানরেটে পেছনে ফেলেছে লাহোর কালান্দার্সকে। ১০ ম্যাচ শেষে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে নিট রান (-০.৩৬১) ব্যবধানে চতুর্থ হয়েছে হায়দরাবাদ। লাহোরের পয়েন্ট সমান হলেও নিট রানরেটে (-০.৪৮২) পিছিয়ে থাকায় পঞ্চম হয়েছে আগের আসরের চ্যাম্পিয়নরা। সমান পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়েছে করাচি কিংস, তাদের নিট রানরেট -০.৮৬৯।
৮ দলের আসরে ১ জয়ে পাওয়া ২ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে শেষ করল রাওয়ালপিন্ডিজ।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে প্রথমবার তানজিদ তামিম, চমক আছে আরও
এদিন হায়দরাবাদ বড় সংগ্রহ পায় সাতে নামা ম্যাক্সওয়েলের ৩৭ বলে ৮ চার ও ৩ ছক্কায় খেলা ৭০ রানের ইনিংসে ভর করে। ১১৯ রানে ৫ উইকেট হারানোর পর ক্রিজে নেমে ম্যাক্সওয়েল তাণ্ডব চালিয়েছেন। তাকে সঙ্গ দিয়েছেন পাঁচে নামা কুশল পেরেরা। শেষ পর্যন্ত অপরাজিত থেকে অর্ধশতক তুলে নিয়েছেন এই লঙ্কান। ৩০ বলে ৫ চার ও ১ ছক্কায় ঠিক ৫০ রান করেন পেরেরা।
দারুণ বোলিংয়ে কিংসমেনকে জয় এনে দিয়েছেন হুনাইন শাহ্। ছবি: পিএসএল
বাকিদের মধ্যে মাজ সাদাকাত ১১ বলে ২৮, সাইম আইয়ুব ৬ বলে ১২ এবং শেষদিকে হাসান খান ৪ বলে ১৬ রানের ক্যামিও খেলেন।
রাওয়ালপিন্ডিজের পক্ষে সাদ মাসুদ ৩৪ রানে ২টি এবং আসিফ আফ্রিদি, বেন সিয়ার্স ও আমাদ বাট ১টি করে উইকেট শিকার করেন।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে রাওয়ালপিন্ডিজ হায়দরানাদের দুই পেসার হুনাইন শাহ্ ও আকিফ জাভেদের তোপের মুখে পড়ে। উসমান খাজা শেষ পর্যন্ত লড়েও দলের বড় হার ঠেকাতে পারেননি।
আরও পড়ুন: হামের টিকা নিয়ে ক্রিকেটারদের বিশেষ বার্তা
ওয়ান ডাউনে নেমে শেষ পর্যন্ত অপরাজিত থাকা খাজা ৪৩ বলর ৯ চারে ৬৬ রান করেন। রাওয়ালপিন্ডিজের আর মাত্র দুজন ব্যাটার দুই অঙ্কের রানের দেখা পেয়েছেন। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ওপেনিংয়ে নেমে ১৬ বলে ২৬ এবং পাঁচে নামা স্যাম বিলিংস ১২ বলে ২৩ রান করেন।
হুনাইন ৩.১ ওভারে মাত্র ২২ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন। আকিফ ৪ ওভারে ৩৮ রান খরচ করে শিকার করেন ৩ উইকেট। এছাড়া মোহাম্মদ আলী ও ম্যাক্সওয়েল ১টি করে উইকেট শিকার করেন।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·