ডামুড্যায় বিএনপির ৬ কর্মীকে মারধর-বাড়িতে আগুন, আটক ২

২ সপ্তাহ আগে
শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় রাজনৈতিক বিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে বিএনপির ৬ কর্মীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে যুবলীগ নেতা শাওন ও তার সমর্থকদের বিরুদ্ধে।

এ ঘটনায় মালেক খান (৪০), নজরুল সরদার (২২), রমজান সরদার (৩৫), সামছুল সরদার (২৮), আলমগীর সরদার (৩২), মহাসিন সরদার (২৯) আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।


শুক্রবার (২৭ মার্চ) উপজেলার ধানকাঠি ইউনিয়নের চৌধুরী বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহতদের প্রথমে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।


পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে এলাকায় রাজনৈতিক বিরোধ চলছিল। বিশেষ করে ঈদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটে। সম্প্রতি ওই বিরোধ মীমাংসার উদ্যোগ নেন অভিযুক্ত শাওন ও তার সহযোগীরা।


এরই ধারাবাহিকতায় নির্ধারিত দিনে বিএনপি সমর্থিত মালেক খানসহ বেলা ১১ টার দিকে কয়েকজন শাওনের বাড়িতে গেলে, পূর্বপরিকল্পিতভাবে তাদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ। শাওন, রিফাতসহ বেশ কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের গুরুতর জখম করে ফেলে রেখে যায়।


এদিকে হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে রক্তাক্ত অবস্থায় ছড়িয়েদেয় অভিযুক্ত শাওন। সেখানে অভিযুক্ত শাওন স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর নাম উল্লেখ করে দাবি করেন, তার নির্দেশেই লোকজন পাঠানো হয়েছে—তাকে মারার উদ্দেশ্যে।


ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।


আরও পড়ুন: শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ, শতাধিক ককটেল বিস্ফোরণ

ডামুড্যা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক জানান, খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে আহতদের উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


অন্যদিকে হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা অভিযুক্ত শাওনের বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং রিফাতের বাড়িতে ভাঙচুর চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর একটি টিমও সেখানে অবস্থান করছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। শাওন ধানকাঠি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন