ট্রাম্পের হুমকির জবাবে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা হামলার হুঁশিয়ারি ইরানের
ইরানের একটি ক্ষেপণাস্ত্রইরানের বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলা হলে ‘আরও অনেক বেশি বিধ্বংসী’ পাল্টা জবাব দেওয়া হবে বলে আজ সোমবার সতর্ক করেছে দেশটির কেন্দ্রীয় সামরিক কমান্ড।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক বিবৃতিতে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের এক মুখপাত্র বলেন, ‘বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার পুনরাবৃত্তি হলে আমাদের আক্রমণাত্মক ও প্রতিশোধমূলক অভিযানের পরবর্তী ধাপগুলো হবে আরও অনেক বেশি বিধ্বংসী ও বিস্তৃত।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বেসামরিক অবকাঠামো ধ্বংসের হুমকি দিয়েছেন। হরমুজ প্রণালি খুলে দিতে একটি চুক্তিতে আসতে তেহরানের ওপর চাপ সৃষ্টির লক্ষ্যে তিনি এই হুমকি দেন। এখন পাল্টা হুমকি দিল ইরান।
তথ্যসূত্র: এএফপি
তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা, কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ
ইরানের রাজধানী তেহরানের একটি এলাকার দৃশ্যইরানের রাজধানী তেহরানের একটি বিশ্ববিদ্যালয়ে হামলা হয়েছে। হামলার পর তেহরানের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। আজ সোমবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এই তথ্য জানিয়েছে।
স্থানীয় এক কর্মকর্তার বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির খবরে বলা হয়, শরিফ বিশ্ববিদ্যালয়ের গ্যাস স্টেশনে হামলা চালানো হয়েছে। এর ফলে শরিফ এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দেয়।
তথ্যসূত্র: এএফপি
৪৫ দিনের যুদ্ধবিরতির শর্ত নিয়ে আলোচনা: অ্যাক্সিওস
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলযুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক কয়েকটি মধ্যস্থতাকারী দেশ সম্ভাব্য ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির শর্তাবলি নিয়ে আলোচনা করছে। এই আলোচনা শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের স্থায়ী অবসানের পথ তৈরি করতে পারে। গতকাল রোববার এমনটাই জানিয়েছে মার্কিন অনলাইন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।
যুদ্ধবিরতির শর্তা নিয়ে আলোচনার বিষয়ে জানাশোনা আছে—যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আঞ্চলিক চারটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস এই খবর দিয়েছে।
তবে বার্তা সংস্থা রয়টার্স তাৎক্ষণিকভাবে এই প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।
তথ্যসূত্র: রয়টার্স
নতুন আলটিমেটাম ট্রাম্পের, ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে ধসে পড়ল ভবনইস্টার সানডেতে লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ১৪
গতকাল রোববার ইস্টার সানডের দিনে লেবাননজুড়ে ইসরায়েলের বিমান হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। গত ২ মার্চ লেবাননে যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর থেকে এটি অন্যতম রক্তক্ষয়ী দিন।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণাঞ্চলের কাফরহাতা গ্রামে একটি হামলায় সাতজন নিহত হয়েছেন, যাদের মধ্যে চার বছর বয়সী একটি শিশুও রয়েছে।
মন্ত্রণালয় আরও জানায়, বৈরুতের জনাহ এলাকায় আরেকটি হামলায় চারজন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন।
আল-জাজিরার এক প্রতিবেদনে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে বলা হয়েছে, বৈরুতের পূর্বে অবস্থিত আইন সাদেহ এলাকায় ইসরায়েলের বিমান হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।
লেবাননের খ্রিষ্টান ধর্মাবলম্বীরা যখন ইস্টার সানডে পালন করছিলেন, ঠিক সেই মুহূর্তেই এই হামলাগুলো চালানো হয়েছে।
সূত্র: মিডল ইস্ট আই
বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ‘মুখ রক্ষা করে’ পিছু হটার উপায় নেই যুক্তরাষ্ট্র ও ইরানেরযুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালি আর কখনো আগের অবস্থায় ফিরবে না: ইরান
হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের ২০ শতাংশ জ্বালানি পরিবহন হয়হরমুজ প্রণাল আর কখনো আগের অবস্থায় ফিরবে না, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য তা চিরতরে বদলে গেছে। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, পারস্য উপসাগরের জন্য ইরানের কর্মকর্তারা যাকে ‘নতুন ব্যবস্থা’ বলে জানিয়েছেন, তা কার্যকর করার লক্ষ্যে তাঁরা এখন সামরিক প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে রয়েছেন।
হরমুজ প্রণালি নিয়ে ইরানের পার্লামেন্টারি কমিটিতে একটি খসড়া আইন অনুমোদনের কয়েক দিন পর এই বিবৃতি দেওয়া হয়েছে। ওই আইনে এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের ওপর ট্রানজিট ফি বা যাতায়াত শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই প্রস্তাবনায় যা যা রয়েছে— যাতায়াত শুল্ক ইরানের জাতীয় মুদ্রায় পরিশোধ করতে হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জাহাজ চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা। যেসব দেশ ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা দিচ্ছে, তাদের ওপর বিধি-নিষেধ আরোপ।
তা ছাড়া ওই পরিকল্পনায় প্রণালির ওপর ইরানের সার্বভৌমত্ব, সশস্ত্র বাহিনীর কর্তৃত্ব, সামুদ্রিক নিরাপত্তা, পরিবেশগত বিষয় এবং ওমানের সঙ্গে আইনি সহযোগিতার বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এ হুমকি দেন।
রোববার এবিসি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা বেঁধে দেন। পোস্টে তিনি লেখেন ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’ (তেহরানের সময় বুধবার মধ্যরাত)।
একই দিন এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেওয়া আলটিমেটামের মধ্যে ইরান ‘কিছু না করলে’ তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
ট্রাম্পের এ আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীনসহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: আল-জাজিরা ও এবিসি নিউজ
ইসরায়েলের হাইফা শহরে ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ার আশঙ্কা
ইসরায়েলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপে ইসরায়েলি উদ্ধারকর্মীদের দেখা যাচ্ছে। ৫ এপ্রিল ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের হাইফা শহরের একটি ভবন ধসে পড়ার পর সেখানে আটকা পড়া মানুষদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল।
ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিসের এক কর্মকর্তার বরাতে ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের কাছে পৌঁছাতে উদ্ধারকর্মীরা ‘আপ্রাণ চেষ্টা’ চালাচ্ছেন। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের উত্তরাঞ্চল বারবার আক্রান্ত হচ্ছে। এখন পর্যন্ত সেখানে যেসব জটিল পরিস্থিতির তৈরি হয়েছে, তার মধ্যে এটি অন্যতম।
ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিসের তথ্যমতে, ইরানের ক্ষেপণাস্ত্রটি একটি পাঁচতলা ভবনে আঘাত হানে। এতে অন্তত ১১ জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরায়েলের সংবাদমাধ্যম ইয়েদিওথ আহরোনথ জানিয়েছে, চারজন নিখোঁজ রয়েছেন। আরও অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি কুয়েতের
কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করছে।
বিবৃতিতে সেনাবাহিনী আরও জানায়, কুয়েতজুড়ে যে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে তা মূলত প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশে ওই ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো ধ্বংস করার শব্দ।
সূত্র: আল–জাজিরা
প্রতি ব্যারেল তেল বিক্রি হচ্ছে ১১১.৪৩ ডলারে
জ্বালানি তেল উত্তোলনের প্রতীকী দৃশ্যআন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ২ দশমিক ৪ ডলার বা ২ দশমিক ২ শতাংশ বেড়ে গ্রিনিচ মান সময় (জিএমটি) ২২: ১৫ নাগাদ ব্যারেল প্রতি ১১১ দশমিক ৪৩ ডলারে কেনাবেচা হচ্ছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড ফিউচারসের দাম ৩ ডলার বা ২ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ১১৪ দশমিক ৫৭ ডলারে লেনদেন হচ্ছে।
সূত্র: আল-জাজিরা
এবার পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিলেন ট্রাম্প
ইরান ৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিতে রাজি না হলে দেশটি ‘সম্পূর্ণ উড়িয়ে দেওয়ার’ হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্থানীয় সময় রোববার তিনি এ হুমকি দেন।
ট্রাম্পকে এবিসি নিউজের জ্যেষ্ঠ রাজনৈতিক প্রতিবেদক র্যাচেল স্কট প্রশ্ন করেন, চুক্তি করার জন্য ইরানকে দুই থেকে তিন সপ্তাহের যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তা কি এখনো বজায় আছে? এমন প্রশ্নের জবাবে ট্রাম্প ওই হুমকি দেন।
ট্রাম্প বলেন, ‘এটি কয়েক সপ্তাহ নয়, কয়েক দিন হওয়া উচিত।’ তিনি দাবি করেন, ইরান ‘তছনছ হয়ে গেছে, একেবারে তছনছ। প্রতিদিন তা আরও খারাপের দিকে যাবে।’
ট্রাম্প বলেন, ‘প্রতিদিন তাদের (ইরানের) আরও বেশি সেতু নির্মাণ করতে হবে, আরও বিদ্যুৎকেন্দ্র বানাতে হবে এবং সবকিছু নতুন নতুন তৈরি করতে হবে। এর আগে কোনো দেশ এভাবে মার খায়নি।’
ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্যবস্তু করা এবং এর পরিণাম নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়েছে। এমন এক পরিস্থিতিতে ট্রাম্প এ হুমকি দেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন শুরুর কয়েক দিন পর ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারা জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না।
হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম এরই মধ্যে ১০০ ছাড়িয়ে গেছে। এটা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপরেও চাপ তৈরি করেছে।
হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
রোববার এবিসি নিউজকে সাক্ষাৎকার দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা বেঁধে দেন। পোস্টে তিনি লেখেন ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’ (তেহরানের সময় বুধবার মধ্যরাত)।
একই দিন এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেওয়া আলটিমেটামের মধ্যে ইরান ‘কিছু না করলে’ তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
ট্রাম্পের এ আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীনসহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: এবিসি নিউজ ও আল-জাজিরা
হরমুজ প্রণালিতে আটকা ৩ হাজার জাহাজ, চলাচল কমেছে ৯৪ শতাংশ
হরমুজ প্রণালি ইরানের ওপর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ৯৪ শতাংশ কমেছে। তথ্য অনুযায়ী, বৈশ্বিক তেলের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ পরিবহনের এই জলপথটি প্রায় বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে অপূরণীয় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।
ইরানের তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে লয়েড’স লিস্টসহ প্রধান বৈশ্বিক সংস্থাগুলোর তথ্য উল্লেখ করে বলা হয়েছে, ফেব্রুয়ারির শেষ দিকে এই প্রণালি দিয়ে প্রতিদিন ১৩৮টি জাহাজ চলাচল করত। কিন্তু গত কয়েক দিনে তা ১০টির নিচে নেমে এসেছে।
আল জাজিরার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে প্রায় ২ থেকে ৩ হাজার জাহাজ পার হওয়ার অপেক্ষায় হরমুজ প্রণালির আশপাশে আটকা পড়ে আছে।
ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন জানিয়েছে, পারস্য উপসাগরে প্রায় ৩ হাজার ২০০ জাহাজ আটকা পড়ায় প্রায় ২০ হাজার নাবিক কর্মহীন হয়ে পড়েছেন।
তাসনিম নিউজের তথ্যমতে, মার্চের শুরু থেকে এ পর্যন্ত মাত্র ১৮১টি জাহাজ বা ট্যাংকার হরমুজ পার হতে পেরেছে, যার মধ্যে ১২৫টি ইরান বা তার মিত্রদের মালিকানাধীন। ইরান তাদের ঘনিষ্ঠ মিত্র ইরাককে এই বিধিনিষেধ থেকে মুক্ত রেখেছে। তা ছাড়া চীন, ভারত, পাকিস্তান ও তুরস্ক ইরানের কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি আলোচনার মাধ্যমে তাদের জাহাজ পার করতে সক্ষম হয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, গত ১ মার্চ থেকে হরমুজ প্রণালি ও এর আশপাশে অন্তত ২৪টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। এতে ৮ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের আগ্রাসন শুরুর কয়েক দিন পর ইরান এই প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। তারা জানায়, হামলাকারীদের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ এই জলপথ ব্যবহার করতে পারবে না।
হরমুজ প্রণালি দিয়ে সরবরাহ প্রায় বন্ধ থাকায় বিশ্ববাজারে প্রতি ব্যারেল জ্বালানি তেলের দাম এরই মধ্যে ১০০ ছাড়িয়ে গেছে। এটা বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ওপরেও চাপ তৈরি করেছে।
হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রোববার ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দিতে ইরানের প্রতি সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা বেঁধে দেন। পোস্টে তিনি লেখেন ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’ (তেহরানের সময় বুধবার মধ্যরাত)।
একই এর আগে ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, আমার দেওয়া আলটিমেটামের মধ্যে ইরান ‘কিছু না করলে’ তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
ট্রাম্পের এ আলটিমেটাম নিয়ে রাশিয়া ও চীনসহ বিশ্বের অনেক দেশ উদ্বেগ প্রকাশ করেছে।
সূত্র: প্রেস টিভি
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি জর্ডানের
জর্ডানের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশসীমায় ইরান থেকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র ও দুটি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে। জর্ডান নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে।
জর্ডানের পাবলিক সিকিউরিটি ডিরেক্টরেটের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানান, একই সময়ে আকাশ থেকে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ও প্রজেক্টাইল পড়ার ১৮টি ঘটনার বিষয়ে ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ।
মুখপাত্র আরও জানান, এসব ঘটনায় কিছু বস্তুগত ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সূত্র: আল-জাজিরা
যুক্তরাষ্ট্রের হামলায় ‘একই ধরনের’ পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাইইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিক্রিয়ায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক সাক্ষাৎকারে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
ইসমাইল বাঘাই বলেন, ‘আমাদের সশস্ত্র বাহিনী পরিষ্কার করে বলেছে, ইরানের অবকাঠামোতে হামলা চালানো হলে আমরাও একইভাবে পাল্টা জবাব দেব।’
বাঘাই আরও বলেন, যুক্তরাষ্ট্রের মালিকানাধীন কিংবা তাদের সঙ্গে যেকোনোভাবে সংশ্লিষ্ট অথবা ইরানের বিরুদ্ধে আগ্রাসনে সহায়ক—এমন যেকোনো অবকাঠামোকে আমাদের সশস্ত্র বাহিনী লক্ষ্যবস্তু বানাবে।’
সূত্র: আল–জাজিরা
লেবাননের লিতানি নদীর দক্ষিণে ‘অপারেশনাল জোন’ তৈরির ঘোষণা ইসরায়েলের
লেবাননের দক্ষিণাঞ্চলের টায়ার শহরে ইসরায়েলের হামলার পর ধ্বংসস্তূপের দৃশ্য। ৪ এপ্রিল ২০২৬
হিজবুল্লাহর বিরুদ্ধে স্থল অভিযান আরও জোরদার করতে লেবাননের লিতানি নদীর দক্ষিণাঞ্চলকে ‘অপারেশনাল জোন’ বা সামরিক অভিযানের এলাকা হিসেবে ঘোষণা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির।
ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, সেনাপ্রধান রোববার লেবাননের দক্ষিণে রাস আল-বায়াদা এলাকায় মোতায়েন করা সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিবৃতিতে জামির বলেন, লেবানন থেকে ছোড়া রকেট ও ক্ষেপণাস্ত্রের আঘাত কমিয়ে আনতে এবং তা পুরোপুরি বন্ধ করতে ইসরায়েলি বাহিনী কাজ করছে। তবে এ কাজে ‘সময় লাগবে’ বলে উল্লেখ করেন তিনি।
ইসরায়েলের তীব্র হামলা ও লেবাননের দক্ষিণে স্থল অভিযানের কারণে এরই মধ্যে দেশটির ১১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।
মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের কর্মকর্তারা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইসরায়েল লেবাননের বেসামরিক অবকাঠামো ধ্বংস করছে এবং লেবাননের দক্ষিণাঞ্চল দীর্ঘ মেয়াদে দখলের প্রস্তুতি নিচ্ছে।
সূত্র: আল-জাজিরা
হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের যত আলটিমেটাম
যুদ্ধের ডামাডোলে ইরানকে দেওয়া আলটিমেটামের সময়সীমা বারবার পিছিয়ে দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফাইল
হরমুজ প্রণালি খুলে দিতে গত কয়েক সপ্তাহে ইরানকে বেশ কয়েকবার আলটিমেটাম বা সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যথায় তিনি দেশটির বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছেন।
কিন্তু ইরান বারবার বলেছে, তারা ট্রাম্পের অন্যায় হুমকির কাছে মাথা নত করবে না। তা ছাড়া হরমুজ প্রণালি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এবং এ দুই দেশের মিত্র ছাড়া বাকিদের জন্য খোলা রয়েছে। হামলা বন্ধ না হওয়া পর্যন্ত এ প্রণালি দিয়ে এসব দেশের কোনো জাহাজ চলাচল করতে পারবে না।
এই পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় অঞ্চলে চরম উত্তেজনা বিরাজ করছে। আশঙ্কা করা হচ্ছে, ট্রাম্পের সর্বশেষ আলটিমেটামের মধ্যে ইরান হরমুজ প্রণালি খুলে না দিলে হুমকি অনুযায়ী তিনি দেশটির অবকাঠামোতে হামলা শুরুর নির্দেশ দেবেন।
এমন এক উত্তেজনাপূর্ণ সময়ে ট্রাম্পের আলটিমেটামগুলো এক নজরে দেখে নেওয়া যাক—
২১ মার্চ: ৪৮ ঘণ্টার আলটিমেটাম। ইরানকে হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্দেশ। অন্যথায় বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি।
২৩ মার্চ: তেহরানের সঙ্গে আলোচনার অগ্রগতির কথা জানিয়ে সময়সীমা আরও পাঁচ দিন বাড়ান ট্রাম্প।
২৬ মার্চ: নতুন ১০ দিনের সময়সীমা ঘোষণা। যার মেয়াদ ওয়াশিংটনের স্থানীয় সময় ৬ এপ্রিল রাত ৮টায় (ইরানের স্থানীয় সময় ৭ এপ্রিল মধ্যরাত) শেষ হওয়ার কথা।
৪ এপ্রিল: ইরানকে ৬ এপ্রিলের সময়সীমার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, চুক্তি করার জন্য তেহরানের হাতে ৪৮ ঘণ্টা সময় রয়েছে।
৫ এপ্রিল: সময়সীমা ওয়াশিংটনের স্থানীয় সময় অনুযায়ী আরও একদিন বাড়িয়ে ৭ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত করার আভাস দেন ট্রাম্প। এ দিন ওয়াল স্ট্রিট জার্নালকে ট্রাম্প বলেন, এর মধ্যে ইরান ‘কিছু না করলে’ তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু অক্ষত থাকবে না।
৫ এপ্রিল (পরবর্তীতে): সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প একদম সুনির্দিষ্ট এক নতুন সময়সীমা ঘোষণা করেন। এতে তিনি লেখেন ‘মঙ্গলবার, পূর্ব উপকূলীয় সময় রাত ৮টা!’ (তেহরানের সময় বুধবার মধ্যরাত)।
সূত্র: বিবিসি
নতুন আলটিমেটাম ট্রাম্পের, ইরানি ক্ষেপণাস্ত্রে ইসরায়েলে ধসে পড়ল ভবনইরানের ‘বেশ কিছু ড্রোন’ ভূপাতিত করেছে যুক্তরাজ্য
যুক্তরাজ্যের আকাশে বেলজিয়ামের বিমানবাহিনীর একটি কার্গো বিমানকে আটকে দেওয়ার মহড়া দিচ্ছে ব্রিটিশ রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন ইউরোফাইটার জেট। ১৪ জানুয়ারি ২০২০
ইরানের ‘বেশ কিছু ড্রোন’ ভূপাতিত করেছে যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ)। এক হালনাগাদ তথ্যে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় (এমওডি) এ খবর জানিয়েছে।
এমওডি জানায়, গত রাতে পূর্ব ভূমধ্যসাগর, জর্ডান, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমায় যুক্তরাজ্যের টাইফুন ও এফ-৩৫ যুদ্ধবিমানগুলো প্রতিরক্ষামূলক অভিযান চালিয়েছে। এসব অভিযানে আরএএফের ভয়েজার (আকাশে জ্বালানি সরবরাহকারী বিমান) এবং রয়্যাল নেভির মার্লিন ও ওয়াইল্ডক্যাট হেলিকপ্টার সহায়তা করছে।
যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানায়, ওই অঞ্চলে বর্তমানে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়েছে। তা ছাড়া মিত্রদের সঙ্গে তারা ঘনিষ্ঠ যোগাযোগ রাখছে।
সূত্র: বিবিসি
সিনেটর বার্নি স্যান্ডার্স
ট্রাম্প ‘বিপজ্জনক ও মানসিক ভারসাম্যহীন’ ব্যক্তির মতো কথা বলছেন: বার্নি স্যান্ডার্স
ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক হুমকির তীব্র সমালোচনা করেছেন দেশটির জ্যেষ্ঠ সিনেটর বার্নি স্যান্ডার্স। ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টগুলোকে ‘বিপজ্জনক এবং মানসিকভাবে ভারসাম্যহীন ব্যক্তির মতো প্রলাপ’ বলে অভিহিত করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে স্যান্ডার্স লিখেছেন, ‘ইরানে যুদ্ধ শুরু করার এক মাস পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরনের বিবৃতি আসছে!’
মার্কিন কংগ্রেসের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘কংগ্রেসকে এখনই পদক্ষেপ নিতে হবে। এই যুদ্ধ বন্ধ করুন।’
সূত্র: আল–জাজিরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পইরানকে দেওয়া চূড়ান্ত আলটিমেটামের সুনির্দিষ্ট সময় ঘোষণা ট্রাম্পের
ইরানকে দেওয়া নিজের আলটিমেটামের দিন, সময় ও ক্ষণ সুনির্দিষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারস্য উপসাগরের হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য তিনি যুক্তরাষ্ট্রের সময় মঙ্গলবার রাত ৮টা (ইস্টার্ন টাইম) পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘মঙ্গলবার, রাত ৮টা ইস্টার্ন টাইম!’ মার্কিন প্রেসিডেন্টের এই সময়সীমা অনুযায়ী, তেহরানের স্থানীয় সময় তখন বুধবার ভোর সাড়ে ৩টা এবং গ্রিনিচ মান সময় (জিএমটি) মঙ্গলবার দিবাগত রাত ১২টা। [বাংলাদেশ সময় বুধবার সকাল ৬টা]
এর আগে মার্কিন সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প সরাসরি সতর্ক করে বলেছিলেন, ‘মঙ্গলবার সন্ধ্যার মধ্যে তারা (ইরান) যদি কোনো ব্যবস্থা না নেয়, তবে দেশটিতে কোনো বিদ্যুৎকেন্দ্র বা সেতু আস্ত থাকবে না।’
মূলত গত ফেব্রুয়ারি থেকে চলা যুদ্ধের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। সেই প্রেক্ষাপটেই ইরানকে এমন নজিরবিহীন সামরিক হামলার হুমকি দিয়ে আসছেন ট্রাম্প।
সূত্র: আল–জাজিরা।
* আগের লাইভ দেখতে ক্লিক করুন
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ যুক্তরাষ্ট্রকে ‘আলটিমেটামের ভাষা’ পরিহারের আহ্বান রাশিয়ার
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা নিরসনে যুক্তরাষ্ট্রকে আলটিমেটাম বা হুমকির ভাষা পরিহার করার আহ্বান জানিয়েছে রাশিয়া। মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, সংঘাত না বাড়িয়ে ওয়াশিংটনের উচিত আলোচনার টেবিলে ফিরে আসা।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। ফোনালাপে লাভরভ আশা প্রকাশ করেন যে, যুদ্ধ প্রশমিত করার চলমান প্রচেষ্টাগুলো সফল হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি হুমকির ভাষা ত্যাগ করে পরিস্থিতিকে আলোচনার ধারায় ফিরিয়ে আনে, তবে তা সংকট সমাধানে সহায়ক হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, দুই দেশই জাতিসংঘ নিরাপত্তা পরিষদসহ সব পক্ষকে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে, যা রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সংকট সমাধানের অবশিষ্ট সুযোগগুলোকে নষ্ট করতে পারে।
সূত্র: আল–জাজিরা।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইহরমুজ প্রণালি খুলে দেওয়ার একমাত্র পথ যুদ্ধবিরতি: চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সমস্যা সমাধানের ‘একমাত্র ও প্রধান উপায়’ হলো একটি যুদ্ধবিরতিতে পৌঁছানো।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক ফোনালাপে ওয়াং ই এ মন্তব্য করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, ওই অঞ্চলে জাহাজ চলাচল চালু করতে হলে সংঘাত বন্ধ করা এবং একটি কার্যকর যুদ্ধবিরতি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
সূত্র: আল–জাজিরা।
যুক্তরাষ্ট্রকে ‘আলটিমেটামের ভাষা’ পরিহারের আহ্বান রাশিয়ার







Bengali (BD) ·
English (US) ·