ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে যুবক নিহত

৪ সপ্তাহ আগে
সাতক্ষীরায় বালুবোঝাই ট্রাকের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে মোহাম্মদ ফরহাদ হোসেন (৩৫) নামে এক আরোহী নিহত হয়েছেন। নিহত ফরহাদ হোসেন সদর উপজেলার আমতলা কাঠিয়া গ্রামের প্রয়াত আব্দুর রাজ্জাক কন্ট্রাক্টরের ছেলে।

শুক্রবার (১৩ মার্চ) মাগরিবের নামাজের পর জেলার তালা উপজেলার পাটকেলঘাটা থানাধীন কুমিরা ইউনিয়নের অভয়তলা মেল্লেকবাড়ি এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, ফরহাদ হোসেন সাতক্ষীরা থেকে বাসযোগে পাটকেলঘাটায় আসেন। সেখান থেকে ভ্যানযোগে যশোর জেলার কেশবপুর উপজেলার মহাদেবপুর গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন তিনি।

 

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, পাটকেলঘাটা থেকে ভ্যানে করে যাওয়ার সময় অভয়তলা মেল্লেকবাড়ি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে বালুবোঝাই একটি ট্রাক ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার ফলে ফরহাদ হোসেন ভ্যান থেকে ছিটকে সড়কে পড়ে গেলে ট্রাকটি তার মাথা ও বুকের ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়রা জানান, ঘাতক ট্রাকটি (যশোর ট-১১-৩২৬৩) পাটকেলঘাটার মজুমদারদের মালিকানাধীন।

 

আরও পড়ুন: সাতক্ষীরার কেন্দ্রীয় মায়েরবাড়ি মন্দিরে চুরির ঘটনায় ৬ যুবক আটক

 

খবর পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ট্রাকটি জব্দ করে। একই সঙ্গে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।

 

নিহত ফরহাদ হোসেনের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তার এমন আকস্মিক মৃত্যুর খবরে পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন