টঙ্গীতে ১০ দোকান পুড়ে ছাই

১ দিন আগে
গাজীপুরের টঙ্গীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। একটি ফোমের দোকান থেকে সূত্রপাত হওয়া এই আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের দীর্ঘ চেষ্টায় নিয়ন্ত্রণে আসে।

বৃহস্পতিবার (৫ মার্চ) মধ্যরাতে টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, রাতে হঠাৎ বাজারের একটি ফোমের দোকানে আগুন দেখতে পেয়ে লোকজন ছুটে গিয়ে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। তবে মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। এতে একটি সাইকেলের দোকান, হোটেল ও মুদি দোকানসহ মোট ১০টি দোকান ভস্মীভূত হয়।

 

আরও পড়ুন: গাজীপুরে সুজনের সহ-সভাপতির হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

 

খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রথমে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বিবেচনা করে উত্তরা ফায়ার স্টেশন থেকে আরও দুটি এবং কুর্মিটোলা ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। মোট সাতটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

 

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে বড় বড় ১০টি দোকান পুড়ে গেছে। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে আমাদের টিম কাজ করছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন