জয়ের ধারা অব্যাহত জার্মানির

২ সপ্তাহ আগে
সুইজারল্যান্ডকে হারানোর পর এবার আফ্রিকার দেশ ঘানাকে হারাল জার্মানি। স্টুটগার্টে প্রীতি ম্যাচে ঘানাকে ২-১ গোলে হারিয়েছে ইউলিয়ান নাগেলসমানের দল।

ম্যাচের শুরু থেকেই বল দখলে রেখে একচেটিয়া আক্রমণ চালায় চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ষষ্ঠ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিলেন ফ্লোরিয়ান ভির্টজ, কিন্তু তার শট পোস্টে লেগে ফিরে আসে। ৩৩তম মিনিটে নিক ভল্টেমাডের পাস থেকে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।


অবশেষে বিরতির ঠিক আগে কাঙ্ক্ষিত গোল পায় জার্মানি। ঘানার ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় স্বাগতিকরা, সেখান থেকে নিখুঁত শটে দলকে এগিয়ে দেন কাই হাভার্টজ।


দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে জার্মানি। ৫৩তম মিনিটে ভল্টেমাডের শক্তিশালী হেড ক্রসবারে লেগে ফিরে আসে। তবে চাপের মুখে থেকেও একটি গোছানো আক্রমণে ম্যাচে ফেরে ঘানা। ৭০তম মিনিটে প্রথম অন-টার্গেট শট থেকেই গোল আদায় করেন আব্দুল ফাতাউ, সমতায় ফেরান দলকে।


আরও পড়ুন: ১১ পরিবর্তন নিয়েও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের দাপুটে জয় 


সমতা ফেরার পর ম্যাচে উত্তেজনা বাড়ে। দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। শেষ পর্যন্ত নির্ধারিত সময় শেষ হওয়ার দুই মিনিট আগে জয়সূচক গোল পায় জার্মানি। বদলি হিসেবে নামা ডেনিজ উনদাভ সতীর্থের হেড থেকে পাওয়া বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে দারুণ ফিনিশে গোল করেন।


এই জয়ে টানা সপ্তম ম্যাচে জয় পেল জার্মানি, যা তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে। অন্যদিকে ঘানার জন্য এটি টানা চতুর্থ হার। 

]]>
সম্পূর্ণ পড়ুন