জীবনের ‘মূল্য’ মাত্র ২০০ টাকা! ভিডিও বার্তাই ধরিয়ে দিল খুনিকে

১ দিন আগে
গাজীপুর মহানগরীর সদর থানার আলোচিত মাসুদ রানা হত্যা মামলার রহস্য তিন বছর পর উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

মাত্র ২০০ টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে সংস্থাটি। এ ঘটনায় মামলার প্রধান আসামি শাওন মিয়াকে (২৫) চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
 

রোববার (১২ এপ্রিল) চট্টগ্রামের মীরসরাই উপজেলার ওয়াহেদপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পিবিআই গাজীপুর জেলার একটি দল।


মামলার বিবরণ অনুযায়ী, ২০২৩ সালের ১৩ মে সন্ধ্যায় মাসুদ রানা কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। পথে শাওন মিয়াসহ কয়েকজন তার গতিপথ রোধ করে এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন তিনি মারা যান।


মৃত্যুর আগে মাসুদ রানা হামলাকারীদের নাম বলে গিয়েছিলেন, যা ভিডিওতে ধারণ করা হয়েছিল। এই ভিডিওটি পরবর্তীকালে মামলার গুরুত্বপূর্ণ তথ্যপ্রমাণ হিসেবে বিবেচিত হয়।
 

আরও পড়ুন: ট্রাংকে হাত-পা বাঁধা নারীর মরদেহ, নেপথ্যে যা জানাল পিবিআই


নিহতের পরিবারের পক্ষ থেকে গাজীপুর সদর থানায় মামলা করা হলেও দীর্ঘ ২ বছর ১০ মাসেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। পরবর্তী সময়ে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশনায় মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়।


পিবিআই গাজীপুর জেলার পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ জানান, তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে চট্টগ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছেন, মাত্র ২০০ টাকার লেনদেন নিয়ে বিরোধের জেরে তিনি মাসুদকে ছুরিকাঘাত করেছিলেন।


জিজ্ঞাসাবাদে শাওন জানান, ঘটনার দিন পাওনা টাকা নিয়ে মাসুদের সঙ্গে তার কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়। একপর্যায়ে মাসুদের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে তিনি পালিয়ে যান। গ্রেফতার আসামি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি মো. মোস্তফা কামালের তত্ত্বাবধানে চাঞ্চল্যকর এই মামলার তদন্ত কার্যক্রম পরিচালিত হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন