জাহান্নামের ঠিকানা নিয়ে জান্নাতের টিকিট বিক্রি করছে জামায়াত: হারুন

২ সপ্তাহ আগে
নির্বাচনী প্রচারণায় মিথ্যার আশ্রয়গ্রহণকারীদের স্থান হবে জাহান্নাম। তারা আবার জান্নাতের টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন। নিজেদের জাহান্নামের ঠিকানা নিয়ে তারা জান্নাতে টিকিট বিক্রি করছেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ (সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী হারুনুর রশীদ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের চামাগ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

হারুনুর রশীদ বলেন, কোরআন হাদিসের তাফসির করেন আর যাই করেন না কেন, আপনাদের আমল কোনো কাজে আসবে না। কোরআন যদি সত্যি হয়, আল্লাহর কালামের বাণী যদি স্যতি হয়, আল্লাহ বলছেন মিথ্যাবাদীদের স্থান হবে জাহান্নাম। আপনারা আবার জান্নাতে টিকিট বিক্রি করে বেড়াচ্ছেন।  যেখানে নিজেদের ঠিকানা জাহান্নাম।

 

বারোঘরিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তা ছিলেন, বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া।

 

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা আরও বলেন, জামায়াতে ইসলামীতো মুক্তিযুদ্ধ করেনি। মুক্তিযুদ্ধের সময় তারা মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিল। মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘরে আগুন দিয়েছিল। তরুণীদের বাড়ি বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্যাম্পে দিয়ে এসেছিল। যার কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের ট্রাইব্যুনাল হয়েছিল। এমনি এমনিতো আর হয়নি। এখন আবার জামায়াতের আমির নির্লজ্জ বেহায়া শফিকুর রহমান বলছেন, আমরা নারীদের নিরাপত্তা নিশ্চিত করব। ১৯৭১ সালে কি তোমরা নারীদের নিরাপত্তা দিয়েছিলে? নারীদের মর্যাদা সম্মান দিয়েছিলে?

 

জামায়াতের নেতাকর্মীরা মা-বোনদের কাছে বেহেশত-দোজখ বিক্রি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেত্রী অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া। ছবি সময় সংবাদ

 

চার বারের এ সাবেক এমপি বলেন, এখন আবার জামায়াতের আমির কর্মজীবী নারীদেরকে পতিতার সঙ্গে তুলনা করেছে। এদেরকে জুতা মারা দরকার। নারীরা আজকে সারাদেশে বিভিন্ন সেক্টরে কর্মক্ষেত্রে তাদের সাফল্য বজায় রাখছে। তারা কি সবাই বেশ্যা? এদেরকে (জামায়াত) ভোট দেয়া যাবে না। তাদের মেয়েরা চাকরি করে না? এর জন্য মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে তাদেরকে।

 

প্রধান বক্তা ও বিএনপির মানবাধিকার বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক এমপি অ্যাড. সৈয়দা আশিফা আশরাফি পাপিয়া বলেন, জামায়াতের নেতাকর্মীরা মা-বোনদের কাছে বেহেশত-দোজখ বিক্রি করতে যাচ্ছে। বেহেশত-দোজখের মালিক বাংলাদেশ কেন পৃথিবীর কোনো ক্ষমতাধর ব্যক্তি বা কোনো রাজনৈতিক দল নয়। দোজখ-বেহেশত আল্লাহর একমাত্র এখতিয়ার। বেহেশত দেয়ার কথা বলে দাঁড়িপাল্লায় ভোট চাইলেই থাপ্পড় মেরে দিবেন। মিথ্যা তথ্য, কোরআনকে অপব্যাখ্যা এবং ইসলামের ওপর মিথ্যা লেবাস লাগানোর জন্য এই চপেটাঘাত করতে হবে। কেউ যদি কোরআন ছুঁয়ে শপথ করিয়ে দাঁড়িপাল্লায় ভোট দেয়ার প্রতিশ্রুতি করায় তাহলে আরেকটি থাপ্পড় মারবেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন